বুবাই শীল, জলপাইগুড়ি: শীতের সকালে জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তা সেতুতে জোরদার মহড়া চালাল সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এই মহড়ায় অংশ নেন বিএসএফের জওয়ানদের পাশাপাশি উচ্চপদস্থ আধিকারিকরাও।
উত্তর-পূর্ব ভারতের সঙ্গে গোটা দেশের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম তিস্তা সেতু। আপৎকালীন পরিস্থিতিতে এই সেতুর নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে, সেই বিষয়কে সামনে রেখেই এই মহড়া বলে জানা গেছে। মহড়া চলাকালীন জেলা পুলিশ ও দমকল বিভাগের কর্মীরাও সক্রিয়ভাবে অংশ নেন।
হঠাৎ করে সেতু এলাকায় মহড়া শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা যায়। অনেকেই দাঁড়িয়ে পুরো মহড়া প্রত্যক্ষ করেন। স্থানীয়দের একাংশ জানান, গুরুত্বপূর্ণ এই সেতুর নিরাপত্তা জোরদার করতে নিয়মিতভাবেই এ ধরনের মকড্রিল করা হয়। বিএসএফ সূত্রে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের প্রস্তুতিমূলক মহড়া চলবে।










