Home / খবর / জেলায় জেলায় / ডায়মন্ড হারবারে নদীর চরে ভেসে উঠল গাঙ্গেয় ডলফিনের দেহ

ডায়মন্ড হারবারে নদীর চরে ভেসে উঠল গাঙ্গেয় ডলফিনের দেহ

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হারবার: দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে হুগলি নদীর চর থেকে একটি গাঙ্গেয় ডলফিনের মৃতদেহ উদ্ধারকে ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বিরল প্রজাতির এই জলজ প্রাণীর দেহ দেখতে নদীর ধারে ভিড় জমান বহু স্থানীয় বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মুক্তাঙ্গন এলাকার কাছে কয়েকজন মৎস্যজীবী মাছ ধরতে গিয়ে নদীর চড়ে একটি বড় আকৃতির প্রাণীর দেহ পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে তাঁরা বুঝতে পারেন সেটি একটি পূর্ণবয়স্ক গাঙ্গেয় ডলফিন। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় মানুষ।

মৎস্যজীবীদের দাবি, মৃত ডলফিনটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে স্থানীয়দের অনুমান, নদীপথে চলাচল করা কোনও পণ্যবাহী জাহাজের প্রপেলারের ধাক্কায় গুরুতর জখম হয়ে ডলফিনটির মৃত্যু হয়ে থাকতে পারে। যদিও মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত নয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মৎস্য দপ্তরের আধিকারিক এবং ডায়মন্ড হারবার থানার পুলিশ। মৃত ডলফিনটিকে উদ্ধার করে তদন্ত শুরু করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ডলফিনটির শরীরে আঘাতের চিহ্ন থাকলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করা হবে।

উল্লেখ্য, গাঙ্গেয় ডলফিন একটি বিরল ও সংরক্ষিত জলজ প্রাণী এবং এটিকে ভারতের জাতীয় জলজ প্রাণী হিসেবেও ঘোষণা করা হয়েছে। সাধারণত গঙ্গা ও তার উপনদীগুলিতে এই ডলফিনের দেখা মেলে। পরিবেশবিদদের মতে, নদীর জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এই প্রজাতির ডলফিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ডায়মন্ড হারবারের মতো ব্যস্ত নদীবন্দর এলাকায় নিয়মিত বড় জাহাজ চলাচল করে। ফলে অনেক সময় জলজ প্রাণীরা দুর্ঘটনার শিকার হয় বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার পর নদীর জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের আরও নজরদারি বাড়ানোর দাবি উঠেছে এলাকাবাসীর তরফে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *