কাটোয়া: এসআইআর শুনানি শুরুর ঠিক আগে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যাওয়া পূর্ব বর্ধমানের কাটোয়ার এক বিএলও-র অবশেষে খোঁজ মিলল। ওড়িশার পুরী থেকে তাঁকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ বিএলও-র নাম অমিতকুমার মণ্ডল।
গত শনিবার থেকে বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) সংক্রান্ত শুনানি প্রক্রিয়া শুরু হওয়ার আগেই কাটোয়ায় চাঞ্চল্য ছড়ায়। কাটোয়া-১ ব্লকের খাজুরডিহি পঞ্চায়েতের বিকিহাট এলাকার বাসিন্দা তথা ২৩ নম্বর বুথের বিএলও অমিতকুমার মণ্ডলের কোনও খোঁজ মিলছিল না। ঘটনার গুরুত্ব বুঝে তদন্তে নামে কাটোয়া থানার পুলিশ।
পুলিশি তৎপরতায় জানা যায়, অমিত কলকাতা হয়ে পুরীতে গিয়েছিলেন এবং সেখানে এক বন্ধুর বাড়িতে ছিলেন। শেষ পর্যন্ত পুরীর সমুদ্রসৈকত এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার তাঁকে কাটোয়া মহকুমা আদালতে হাজির করানো হবে। সেখানে বিচারকের সামনে তাঁর গোপন জবানবন্দি নেওয়া হবে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২৩ ডিসেম্বর বাড়িতে এসআইআর সংক্রান্ত নথি নিয়ে কাজ করছিলেন অমিত। কিছুক্ষণ পরে কাগজপত্র টেবিলে রেখেই বেরিয়ে যান তিনি। এরপর আর তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে তাঁর ভাই অভিজিৎ মণ্ডল কাটোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অমিত পেশায় একজন শিক্ষক। কেতুগ্রামের উদ্ধারণপুর প্রাথমিক বিদ্যালয়ে তিনি শিক্ষকতা করতেন। পুলিশি তদন্তে উঠে এসেছে, শেয়ার বাজারে বড় অঙ্কের বিনিয়োগ করেছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে শেয়ার বাজারে আর্থিক ক্ষতির জেরে লক্ষাধিক টাকার দেনার চাপ তৈরি হয়েছিল। তদন্তকারীদের অনুমান, কাজের চাপ নয়, আর্থিক সংকটের কারণেই তিনি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন।










