অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: ভোটের আগেই চমক গেরুয়া শিবিরের। টিকিট পেয়েও হারালেন বিদায়ী বিধায়ক কৌশিক রায়। ব্যবসায়ী তথা দলীয় কর্মী ডালিম রায়কে ময়নাগুড়ি আসনে প্রার্থীপদ দিল বিজেপি।
ইতিমধ্যেই কৌশিক রায়ের সমর্থনে প্রচারও শুরু হয়েছিল। তার মাঝেই ছন্দপতন। ডালিম রায়কে প্রার্থী করায় দলের একাংশে ক্ষোভ ছড়িয়েছে। ময়নাগুড়িতে কৌশিক-কাঁটা ভোগাতে পারে গেরুয়া শিবিরকে এমনটাই অভিমত রাজনৈতিক মহলের। তবে ডালিম রায়কে প্রার্থী করা হতেই উচ্ছ্বাসে মাততে দেখা গেল তার অনুগামী-সহ দলের একাংশ নেতা কর্মীদের। তবে, এ বিষয়ে সংযত প্রতিক্রিয়া দেখিয়েছে তৃণমূল কংগ্রেস।

ডালিম রায়, নয়া বিজেপি প্রার্থী, ময়নাগুড়ি
ভোটের আগেই গোষ্ঠী কোন্দল কাঁটা হতে পারে ময়নাগুড়ির বিজেপির অন্দরে। প্রথমে কৌশিক রায়কে ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের টিকিট দেওয়া হলে নিজের মতো প্রচারও শুরু করেন তিনি। তবে, তাঁকে ফের প্রার্থী করায় দলের একাংশে অসন্তোষ বাড়তে থাকে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, একসময়ে দলের জেলা সভাপতিকে আটকে রেখেও বিক্ষোভ দেখান দলেরই একাংশ নেতা-কর্মী। দীর্ঘক্ষণ চলে সেই বিক্ষোভ। অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তাই দলের তরফে প্রার্থী বদলের সিদ্ধান্ত নেওয়া হয়। টিকিট পান স্থানীয় সার ব্যবসায়ী তথা বিজেপি নেতা ডালিম রায়। তার প্রার্থীপদে সিলমোহর পড়তেই দলীয় কার্যালয়ে উচ্ছ্বাসে মাতেন একাংশ কর্মী সমর্থক। গেরুয়া আবিরে অকাল দোল খেলেন অনেকেই।
এ বিষয়ে নতুন প্রার্থী ডালিম রায় বলেন, “দল যেটা ভালো বুঝেছে, সেটাই করেছে। আমার সঙ্গে কারও বৈরিতা নেই। কৌশিক-সহ সবার সহযোগিতা নিয়েই আমরা জিতবো।” প্রচারে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে অপশাসন, নারী নির্যাতন, দুর্নীতি, সিন্ডিকেট রাজ-সহ একাধিক ইস্যুতে সুর চড়াবেন ডালিম।

রামমোহন রায়, তৃণমূল প্রার্থী, ময়নাগুড়ি
এ দিকে, এ বিষয়ে কৌশিক রায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সংযত প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূলও। ময়নাগুড়ির তৃণমূল প্রার্থী রামমোহন রায় বলেন, “এটা ওদের আভ্যন্তরীণ বিষয়। তবে, প্রচারে আমরা ভালো সাড়া পাচ্ছি। মুখ্যমন্ত্রীর ওপর ফের ভরসা রাখছো আমজনতা। আমরা উন্নয়ন নিয়েই প্রচার চালাচ্ছি।”










