জামুড়িয়া : এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়ায় শুনানি পর্ব চলাকালীন ফর্ম ৭ জমা নেওয়া হচ্ছে বলে সরব হয়েছে বিজেপি। বিরোধী দলের নিশানায় মুলতঃ ইআরও ও এইআরও।
গোটা বিষয়টি খতিয়ে দেখতে শনিবার আসানসোলের জামুরিয়ার বিডিও বা ব্লক ডেভেলপমেন্ট অফিসে আসেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তিনি এসআইআর নিয়ে আলোচনা করেন সরকারি আধিকারিকদের সঙ্গে। পরে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল সরকারি আধিকারিকদের বেলাগাম আক্রমণ করেন। তিনি এই কাজের সাথে জড়িত সরকারি আধিকারিকদের “সেয়ানা পাগল” বলে সমালোচনা করেন।
পশ্চিম বর্ধমান জেলায় জেলাশাসক, মহকুমাশাসক ও বিডিও অফিসে বিজেপি নেতা-কর্মীরা বিক্ষোভ দেখান। তারা অভিযোগ করেন যে ফর্ম ৭ জমা নেওয়া হচ্ছে ন। তারা বারবার ফর্ম ৭ নেওয়ার দাবি জানিয়েছিলেন। কিন্তু ইআরও ও এইআরও তা গ্রহণ করতে অস্বীকার করেন।
বিজেপি নেতা-কর্মীরাও একই দাবি নিয়ে জামুরিয়া বিডিও অফিসে বিক্ষোভ করেন। সেই সূত্রেই বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল “ফর্ম ৭” সমস্যা নিয়ে আলোচনা করতে জামুরিয়া বিডিও অফিসে আসেন।
পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসআইআর কাজে থাকা সরকারি আধিকারিকদের “সেয়ানা পাগল” বলে আক্রমন করে বলেন, আমরা এদিন ফর্ম ৭ সংগ্রহ করতে এসেছি। শুক্রবার নির্বাচন কমিশন সরাসরি ইআরও এবং এইআরওদেরকে নির্দেশ দিয়েছে যে তাদেরকে ফর্ম ৭ গ্রহণ করতে হবে।” বিজেপি নেত্রী আরো বলেন, যে কেউ এসে এই ফর্ম জমা দিতে পারেন। তা ইআরও ও এইআরওকে তা গ্রহণ করতে হবে। তিনি আরো বলেন , এখন পর্যন্ত তারা অবহেলা করেছিলেন, এখন চাপের মুখে তারা সন্ধ্যার মধ্যে তা জমা দেওয়ার জন্য বলছে। আমরা সময়মতো যাচাই সম্পন্ন করবো । কিন্তু যদি ১৯ জানুয়ারির মধ্যে যাচাই সম্পন্ন না হয়, তাহলে আবার আইনি আশ্রয় নেওয়া হবে। প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন যে, এখানকার নির্বাচনের কাজে থাকা সরকারি আধিকারিকরা দাবি করছেন তারা নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে কাজ করবেন। কিন্তু তারা তা করছেন না। কারণ তারা রাজ্য সরকারের প্রচণ্ড চাপের মধ্যে আছেন।
তিনি স্পষ্টভাবে বলেন যে, নির্বাচন কমিশন একটি নির্দেশ জারি করেছে। তাতে ইআরও এবং এইআরওকে ফর্ম ৭ গ্রহণ করতে হবে। তিনি বলেন যে, এখানকার সরকারি আধিকারিক যদি তা করতে ব্যর্থ হন, তাহলে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হবে।










