ফের অশান্ত হয়ে উঠল মুর্শিদাবাদের বেলডাঙা। বিহারে জেলার আরও এক পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগ সামনে আসতেই শনিবার দুপুরে বেলডাঙার বড়ুয়া মোড় অবরোধ করেন কয়েকশো মানুষ। এর জেরে অবরুদ্ধ হয়ে পড়ে ১২ নম্বর জাতীয় সড়ক। অবরোধ চলাকালীন খবর সংগ্রহ করতে গিয়ে হামলার মুখে পড়েন একাধিক সাংবাদিক।
শনিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় এলাকায়। বিক্ষোভকারীরা বেলডাঙা স্টেশন সংলগ্ন রেলগেটে ভাঙচুর চালান। স্টেশনের কাছে থাকা রেলের সিগন্যালও ভেঙে দেওয়া হয়। এর ফলে শনিবারও ব্যাহত হয় ট্রেন চলাচল। পরিস্থিতি সামাল দিতে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেউস্কর জানান, বেলডাঙায় অতিরিক্ত আরপিএফ ও আরপিএসএফ মোতায়েন করা হচ্ছে। একই সঙ্গে নতুন করে অশান্তির খবর পেয়ে এলাকায় বিশাল পুলিশ বাহিনী নামানো হয়েছে।
বেলডাঙার অশান্তির সূত্রপাত শুক্রবার সকাল থেকে। সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা আলাউদ্দিন শেখ (৩০) ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করতেন। বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যুর খবর গ্রামে পৌঁছয়। জানা যায়, ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। তবে পরিবারের অভিযোগ, যুবককে মারধর করে খুন করার পর দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে।
শুক্রবার আলাউদ্দিনের দেহ গ্রামে ফেরার পরই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুরু হয় বিক্ষোভ। ১২ নম্বর জাতীয় সড়ক ও রেললাইন অবরোধ করা হয়। শুক্রবার প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে চলে অবরোধ। শনিবার ফের নতুন অভিযোগ সামনে আসতেই পরিস্থিতি আরও জটিল আকার নেয়। এলাকায় এখনও থমথমে পরিস্থিতি, চলছে কড়া পুলিশি নজরদারি।










