Home / খবর / জেলায় জেলায় / মুখ্যমন্ত্রী আসার দিনই দুর্গাপুর পুরসভার সামনে রাস্তা অবরোধ, দাবি আদায়ে বিক্ষোভ আশা কর্মীদের

মুখ্যমন্ত্রী আসার দিনই দুর্গাপুর পুরসভার সামনে রাস্তা অবরোধ, দাবি আদায়ে বিক্ষোভ আশা কর্মীদের

দুর্গাপুর : দাবি আদায়ে কাজ বন্ধ রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দুর্গাপুর নগর নিগমের আশা বা স্বাস্থ্য কর্মীদের। গত ২৩ ডিসেম্বর থেকে দাবি আদায়ে কর্মবিরতি করছেন সারা বাংলার পাশাপাশি দুর্গাপুরের স্বাস্থ্য কর্মীরা।

বাঁকুড়ার বড়জোড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে মঙ্গলবার। সেই সভায় যোগদানের জন্য সোমবার দুর্গাপুরে চলে আসবেন তিনি। দুর্গাপুরের সার্কিট হাউসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাত্রিবাস করার কথা। মুখ্যমন্ত্রী আসার কয়েক ঘন্টা আগে সোমবার সিটি সেন্টারে দুর্গাপুর নগর নিগমের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান কর্মবিরতিতে থাকা আশা কর্মীরা । স্থায়ীকরণ, মাসিক ১৫ হাজার টাকা বেতন, ইএসআই ও পিএফের দাবিতে এই আন্দোলন করছেন তারা । দাবি না মানা হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আশা কর্মীরা। এদিন হাতে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন প্রায় ১৭৫ জন আশা কর্মী। পরে পুলিশ খবর পেয়ে এলাকায় গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

দুর্গাপুর নগর নিগমের পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব আশা কর্মীদের আন্দোলন প্রত্যাহার করে কাজে যোগ দেওয়ার আবেদন জানিয়েছেন। কিন্তু আন্দোলনকারীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাজে না ফেরার সিদ্ধান্তে অনড় রয়েছেন।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *