Home / খবর / জেলায় জেলায় / পড়শি রাজ্যের বাসে আসানসোল পুলিশের অভিযান, উদ্ধার সাড়ে ১৬ কেজি গাঁজা, ধৃত ১

পড়শি রাজ্যের বাসে আসানসোল পুলিশের অভিযান, উদ্ধার সাড়ে ১৬ কেজি গাঁজা, ধৃত ১

আসানসোল: পড়শি রাজ্য ঝাড়খণ্ড থেকে আসা আসানসোল গামী একটি যাত্রীবাহী বাসে মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। শনিবার সকালে আসানসোলের সেনরেল রোড বা বিবেকানন্দ সরণীতে এইচএলজি মোড়ে পুলিশের এই অভিযান হয়।

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ বা ডিডি এবং আসানসোল উত্তর থানার যৌথ অভিযানে ঐ বাস থেকে সাড়ে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আসানসোল দুর্গাপুর পুলিশ এদিন ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গের আসানসোলে এই মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করেছে বলে বলা হয়েছে। গোপন সূত্রের ভিত্তিতে হওয়া এদিনের এই যৌথ অভিযানে পুলিশ ঐ বাসে সুটকেশে নিয়ে আসা ১৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতর মহঃ লতিফউদ্দিন। সে মুর্শিদাবাদের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
তবে, আসানসোল শহরে এইভাবে বাস থেকে গাঁজা উদ্ধার হওয়ার ঘটনায় পুলিশের নজরদারি ও আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দল বিজেপি।
এই বিষয়ে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার নেতা অভিজিৎ রায় বলেন, এই এলাকায় গাঁজা পাওয়াটা নতুন কিছু নয়। এখানে আগেও বহুবার এই ধরনের মাদক এখানে পাওয়া গেছে। এইসব উদ্ধার হওয়ার পরে পুলিশ দাবি করে যে অপরাধীরা ধরা পড়ে এবং মাদক উদ্ধার করা হয়েছে। বিজেপি নেতা বলেন, কিন্তু প্রশ্ন উঠছে যে কেন এই এলাকায় বারবার মাদক পাওয়া যাচ্ছে? তাহলে কি মাদক কারবারিরা কি এই আসানসোল শহরকে মাদক পাচারের একটা করিডোর করে ফেলেছে? এর থেকে এটাও প্রমাণিত হয় যে এই এলাকা মাদক পাচারের জন্য খুবই উপযুক্ত হয়ে উঠেছে। বিজেপি নেতার দাবি, এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে দায়ী। কোন ক্ষেত্রেই আসানসোল শহরের আইনশৃঙ্খলা বলে কিছু নেই।
এদিকে, পুলিশের এক আধিকারিক বলেন, ধৃতকে রবিবার আসানসোল আদালতে পেশ করে হেফাজতে নেওয়া হবে। তাকে জেরা করে জানার চেষ্টা করা হবে, এর পেছনে কে বা কারা আছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *