আসানসোল পুরনিগমের ২৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর এস.এম. মুস্তাফাকে এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়ায় হিয়ারিং বা শুনানির জন্য তলব করা হয়।
রবিবার তিনি সেই শুনানির নোটিশ নিয়ে রীতিমতো অভিনব উপায়ে বাজনা বাজিয়ে আসানসোলের ধাদকার এন.সি. লাহিড়ী হাইস্কুলের শুনানি কেন্দ্রে পৌঁছান।
কংগ্রেস কাউন্সিলারের এই উদ্যোগ নিয়ে এলাকার বাসিন্দারা রীতিমতো উচ্ছ্বসিত। বাজনা সহ কাউন্সিলারকে দেখতে রাস্তায় ভিড় জমে যায়।
উল্লেখ্য বিষয় হল, কংগ্রেস কাউন্সিলর এস.এম. মুস্তাফাকে শুনানি কেন্দ্রে ঢোকার সময় একটি বাদ্যযন্ত্র বাজাতেও দেখা যায়।
এই প্রসঙ্গে এস.এম. মুস্তাফা বলেন, আসানসোল পুরনিগম নির্বাচনে জয়ী হয়ে কাউন্সিলর হওয়া সত্ত্বেও, আমাকে এসআইআরে শুনানির জন্য তলব করা হয়েছে। এটাই আমার বোধগম্য হচ্ছে না। তিনি প্রশ্ন তোলেন, ওয়ার্ডের বাসিন্দা ভোটাররা আমাকে ভোট দিয়ে জিতিয়ে তাদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন। অথচ আমাকেই এমন শুনানিতে ডাকা হচ্ছে।
জেলা প্রশাসনের তরফে কংগ্রেস কাউন্সিলারকে শুনানিতে ডাকার বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।










