উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : জয়নগরে ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে জয়নগর থানার পুলিশের বিশেষ দল অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জয়নগর থানার আইসি সমরেশ ঘোষের নির্দেশে বুধবার গভীর রাতে নলিকাটা মোড় এলাকায় টহলদারি চালানো হয়। সেই সময় এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়।
ধৃতের নাম জবায়েত সরদার (৪০)। তাঁর বাড়ি জয়নগর থানার কাশিপুর কামারিয়া এলাকায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ডাকাতির উদ্দেশ্যেই এলাকায় ঘোরাঘুরি করছিলেন তিনি।
বৃহস্পতিবার ধৃতকে জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।










