সালানপুর:
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সালানপুরে বিজেপি থেকে ১৪৩ নম্বর বুথের সভাপতি সহ প্রায় ৪০ জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।
মঙ্গলবার সালানপুর পঞ্চায়েতের অন্তর্গত একটি বেসরকারি প্রেক্ষাগৃহে তৃণমূল কংগ্রেসের একটি কর্মীসভা অনুষ্ঠিত হয়। সেই সভাতেই বারাবনির প্রাক্তন বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেন বিজেপির বুথ সভাপতি অজয় রুইদাস, বাবন রুইদাস, রাহুল রুইদাস সহ প্রায় ৪০ জন যুবক।
নবাগতদের দলে স্বাগত জানান প্রাক্তন বিধায়ক নিজে।
এই যোগদান প্রসঙ্গে অজয় রুইদাস বলেন, বিজেপি একটি সাম্প্রদায়িক দল এবং তারা উন্নয়নের কথা ভাবে না।
তিনি দাবি করেন, সালানপুর ব্লকে তৃণমূল কংগ্রেসের উন্নয়নমূলক কাজেই অনুপ্রাণিত হয়ে তারা দলবদল করার সিদ্ধান্ত নিয়েছেন।
অন্যদিকে, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোঃ আরমান জানান, এই যোগদানের ফলে ব্লকে তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হল।
তিনি দাবি করেন, আগামী দিনে সালানপুরে বিরোধী শক্তি প্রায় শূন্য হয়ে যাবে, কারণ মানুষের একমাত্র ভরসা উন্নয়ন।
এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনের আগে এলাকায় রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হওয়ার সম্ভাবনা।









