ছবি; বুবাই শীল
অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: রবিবাসরীয় সন্ধ্যায় উৎসাহীদের ভালো ভিড় জেলার চিত্রশিল্পীদের সংগঠনের বার্ষিক প্রদর্শনীতে। নেপাল, মরিশাস, রোমানিয়া, নাইজেরিয়ার চিত্রশিল্পের সঙ্গেও পরিচিতি ঘটল সংস্কৃতিপ্রেমীদের। চিত্রশিল্পের পাশাপাশি নিজেদের হস্তশিল্প নিয়েও অংশ নিলেন শিল্পীরা।
বিগত চার বছর ধরেই বার্ষিক আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীর আয়োজন করে আসছে চিত্রশিল্পীদের সংগঠন ‘উইংস’। বিদেশের ৯-১০ টি ছবি-সহ মোট ৯০টি ছবি এই প্রদর্শনীতে রাখা হয়েছে। এই প্রদর্শনীতে ছবি-সহ সশরীরে অংশ নিয়েছেন নেপালের দুই মহিলা চিত্রশিল্পী। মহারাষ্ট্র থেকে নিজের অভিনব শিল্পকর্ম নিয়ে প্রদর্শনীতে অংশ নিয়েছেন চকশিল্পী সঙ্কেত খেরকর। একখন্ড পাথর দিয়ে দৃষ্টিনন্দন বিষ্ণু মূর্তি তৈরি করে শহরে এসেছেন ওড়িশার শিল্পী হলধর মহারাণা। সম্প্রতি সংগঠনের তরফে খুদেদের জন্য বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন গ্রুপের স্থানাধিকারীদের পাশাপাশি ওই প্রতিযোগিতায় যে সব শিশু-কিশোররা ভালো ছবি এঁকেছে, তাদের ছবিও স্থান পেয়েছে প্রদর্শনীতে। শহরে সরকারি ও বেসরকারি উদ্যোগে একাধিক অনুষ্ঠান চলছে। এর মাঝেই চিত্রশিল্পীদের প্রদর্শনী।
এ দিন বিকেল থেকেই শহরের সরোজেন্দ্র দেব রায়কত কলাকেন্দ্রে চিত্রপ্রেমীদের ভীড় বাড়তে থাকে। আয়োজকদের তরফে দীপঙ্কর বসু বিশ্বাস, অমরনাথ নন্দীরা জানান, প্রদর্শনীর উদ্বোধনের এক ঘন্টার মধ্যেই আগ্রহীরা ছবি কেনা শুরু করেছেন। আমরা চাই, নতুন প্রজন্ম মোবাইল ছেড়ে তুলি হাতে নিক। ওদের হাত ধরে আমাদের শিল্প আরও সমৃদ্ধ হোক।










