আসানসোল : পশ্চিমবঙ্গে এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়া শেষে মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে।
এই বিষয়ে মঙ্গলবার দুপুরে আসানসোলে পশ্চিম বর্ধমান জেলাশাসক বা ডিএম কার্যালয়ের কনফারেন্স হল – এ জেলাশাসক এস পোন্নাবলমের উপস্থিতিতে একটি সর্বদলীয় বৈঠক হয়। সেই বৈঠকে নির্বাচন কমিশন স্বীকৃত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ছিলেন অতিরিক্ত জেলাশাসক বা এডিএম শুভাষীনি ই, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য সহ অন্য আধিকারিকরা।
সেই বৈঠকের পরে জেলাশাসক বলেন, পশ্চিম বর্ধমান জেলায় এখনো পর্যন্ত ২৩ লক্ষ ২৭ হাজারেরও বেশি ভোটারের মধ্যে ৩ লক্ষ ৬ হাজারের মতো ভোটার বাদ পড়েছেন। এই ভোটারদের মধ্যে অনেকেই মৃত অথবা স্থানান্তরিত হয়েছেন। অনুপস্থিত ভোটাররাও তাদের মধ্যে রয়েছেন। এছাড়া, ডুপ্লিকেট ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। প্রায় দেড় লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হবে।
তিনি আরও বলেন, এডআইআরের দ্বিতীয় পর্যায়ে যে শুনানির প্রক্রিয়া হবে, সেই সম্পর্কে এখনও কোনও স্পষ্ট নির্দেশিকা পাওয়া যায়নি। তবে ইআরও বা এইআরও স্তরে শুনানি হবে। যারা বাদ গেছেন, সেই ভোটাররা আগামী ১৫ জানুয়ারী পর্যন্ত তাদের অভিযোগ জমা দিতে পারবেন। ৭ ফেব্রুয়ারী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তার আগে, শুনানির জন্য আরেকটি সর্বদলীয় বৈঠক ডাকা হবে। এর পরেই শুনানির জন্য একটি চূড়ান্ত রূপরেখা চূড়ান্ত করা হবে।
তিনি বলেন, খসড়া তালিকা জেলার ওয়েবসাইটে দেওয়া হয়েছে। যে কোনও ভোটার তাদের ভোটার আইডি কার্ড নম্বর এবং বিধানসভা নির্বাচনী এলাকার নাম লিখে তাদের নাম অনুসন্ধান করতে পারবেন।
এদিনের সর্বদলীয় বৈঠকের পরে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, এখনও পর্যন্ত সম্পন্ন হওয়া এসআইআর প্রক্রিয়ায় আমরা সন্তুষ্ট। কংগ্রেস কিছু বিষয় উত্থাপন করেছিল, যা আমাদের মধ্যে কিছু সন্দেহ ও বিভ্রান্তির সৃষ্টি করেছে। এদিনের বৈঠকে এই বিষয়গুলি জেলাশাসকের কাছে উপস্থাপন করা হয়েছে।
জেলাশাসক বলেছেন যে, নির্বাচন কমিশনের সাথে আলোচনার মাধ্যমে এই বিষয়গুলি সমাধান করা হবে। বিজেপি বলেন, এসআইআর প্রক্রিয়াটি বাস্তবায়নের পর থেকেই পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এর বিরোধিতা করে আসছে। তবে, প্রশান্ত চক্রবর্তী বলেন, নির্বাচন কমিশনের অধীনে এই প্রক্রিয়ায় জড়িত রাজ্য সরকারি কর্মচারীদের কাজ অত্যন্ত প্রশংসনীয়। চূড়ান্ত তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চান না। তিনি বলেন, ভোটাররা ১৫ জানুয়ারি পর্যন্ত অভিযোগ করতে পারবেন। ভোটার তালিকায় সংশোধন ৭ ফেব্রুয়ারি পর্যন্ত করা যাবে এবং ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এদিকে, তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সাধারণ সম্পাদক আকাশ মুখোপাধ্যায় বলেন, জেলাশাসক এদিনের সর্বদলীয় বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবহিত করেছেন। জেলাশাসক বলেছেন, ১,৪৫, ৬৯৬ জনকে শুনানির জন্য ডাকা হয়েছে। তবে, কোন দিন শুনানি হবে তা তিনি জানাননি। তিনি বলেছেন, বিএলওরা শুনানির তারিখ, সময় এবং স্থান সম্পর্কে ভোটারদের অবহিত করবেন। আকাশবাবু আরো বলেন, জেলা প্রশাসন জানিয়েছেন, প্রতিটি বিধানসভা আসনে কমপক্ষে ১০টি শুনানি কেন্দ্র করা হবে। যেখানে ম্যাপ বিহীন ভোটারের সংখ্যা বেশি, সেখানে শুনানি কেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে। আমি এদিন দলের তরফে স্পষ্টভাবে জেলাশাসক ও জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকদের বলেছি, তালিকা থেকে কোনও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া চলবে না ।










