Home / খবর / জেলায় জেলায় / মথুরাপুরের সভা থেকে ‘অনুপ্রবেশমুক্ত বাংলা’র ডাক অমিত শাহের, একাধিক নির্বাচনী প্রতিশ্রুতি

মথুরাপুরের সভা থেকে ‘অনুপ্রবেশমুক্ত বাংলা’র ডাক অমিত শাহের, একাধিক নির্বাচনী প্রতিশ্রুতি

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, মথুরাপুর: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র জনসভা থেকে রাজ্যের শাসকদলকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার রায়দীঘি বিধানসভার অন্তর্গত মথুরাপুরের বাপুলীবাজার সংলগ্ন মাঠে আয়োজিত সভা থেকে তিনি ‘অনুপ্রবেশমুক্ত বাংলা’ গড়ার ডাক দেন।

সম্প্রতি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়া নিয়ে রাজ্য রাজনীতিতে বিতর্ক তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে সভা থেকে অমিত শাহ আশ্বাস দেন, দেশে একজনও হিন্দু শরণার্থীর নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। কেন্দ্রের বিজেপি সরকার শরণার্থীদের পাশে রয়েছে বলেও দাবি করেন তিনি।

বিজেপির ঘোষিত রাজ্যব্যাপী ‘পরিবর্তন যাত্রা’ প্রসঙ্গে শাহ বলেন, এই কর্মসূচির উদ্দেশ্য শুধু সরকার পরিবর্তন নয়, বরং রাজ্যের সামগ্রিক পরিবর্তন আনা। তাঁর কথায়, “বাংলার মানুষই পরিবর্তন আনবেন। পরিবর্তনের অর্থ অনুপ্রবেশমুক্ত বাংলা গড়ে তোলা।”

সভা থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা করেন তিনি। পাশাপাশি ক্ষমতায় এলে সরকারি চাকরি নিয়ে একাধিক প্রতিশ্রুতিও দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহ জানান, বিজেপি সরকার গঠিত হলে দুই মাসের মধ্যে রাজ্য সরকারি দফতরগুলিতে শূন্যপদ পূরণের উদ্যোগ নেওয়া হবে এবং চাকরির আবেদন করার সর্বোচ্চ বয়সসীমা পাঁচ বছর বাড়ানো হবে।

এছাড়াও রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর করার প্রতিশ্রুতিও দেন তিনি। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকায় রাজ্যের যুবসমাজ সরকারি চাকরির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

এদিনের সভায় উপস্থিত ছিলেন বিজেপির একাধিক রাজ্য ও জেলা নেতা। সভামঞ্চ থেকেই জানানো হয়, মথুরাপুর থেকে শুরু হওয়া পরিবর্তন যাত্রা দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং, গোসাবা, বাসন্তী, কুলতলি, জয়নগর, মগরাহাট, ডায়মন্ড হারবার, কুলপি, কাকদ্বীপ ও সাগর-সহ মোট ৩১টি বিধানসভা কেন্দ্র পরিক্রমা করবে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *