দুর্গাপুরের বিধাননগরে একটি ছোট হোটেলের ভিতরে তৃণমূল কংগ্রেসের পোস্টার ও ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। নিউ টাউনশিপ থানার অন্তর্গত বিধাননগরে একটি বেসরকারি হাসপাতালের সামনে ওই হোটেলে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হোটেলের ভিতরে টাঙানো তৃণমূলের পোস্টারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল। অভিযোগ, সোমবার রাতে কয়েক জন দুষ্কৃতী এসে পোস্টার দুটি ছিঁড়ে ফেলে এবং ছবিতে কালিমালিপ্ত করে। পাশাপাশি হোটেলের ভিতরে থাকা সবুজ রঙের একাধিক চেয়ারও ভাঙচুর করা হয়েছে।
অন্য দিকে সেটি তৃণমূল অটো ইউনিয়নের অফিস। এই ঘটনার পর তৃণমূল পরিচালিত অটো ইউনিয়নের সহকারী সম্পাদক সজল নন্দী অভিযোগ করেন, গোটা ঘটনার পিছনে কিছু স্থানীয় যুবকের মদত রয়েছে। তিনি বলেন, পরিকল্পিতভাবেই এই ভাঙচুর চালানো হয়েছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তাঁরা।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূল সমর্থকেরা। তাঁরা দোষীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।










