বর্ধমান: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে শনিবার বর্ধমান স্টেশনে তীব্র বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। জাতীয় পতাকা হাতে নিয়ে রেল লাইনে শুয়ে পড়ে রেল অবরোধ করেন বিক্ষোভকারীরা। এর জেরে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় ট্রেন চলাচল।
শনিবারই এসআইআর প্রক্রিয়ায় লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ হওয়ার কথা। তার আগেই এই প্রক্রিয়ার বিরোধিতায় সকাল ১১টা নাগাদ বর্ধমান স্টেশনে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। জাতীয় পতাকা হাতে নিয়ে তাঁরা স্টেশন চত্বরে স্লোগান তোলেন। এসআইআর-এর বিরোধিতায় পোস্টার লাগানো একটি টোটোও স্টেশনে ঢোকানোর চেষ্টা করা হয়, যদিও রেল পুলিশ তা আটকায়।
এরপর সাড়ে ১১টা নাগাদ বেশ কয়েকজন বিক্ষোভকারী রেল লাইনে শুয়ে পড়েন। প্রায় ২৫ মিনিটের চেষ্টায় তাঁদের ট্র্যাক থেকে সরাতে সক্ষম হয় রেল পুলিশ। এই সময় হাওড়া থেকে আসা হাওড়া–বর্ধমান লোকাল দীর্ঘক্ষণ স্টেশনে দাঁড়িয়ে পড়ে। যাত্রীরা নেমে যাওয়ার পরেও ট্রেনটি কিছুক্ষণ আটকে থাকে। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ট্রেনটিকে কারশেডে পাঠানো হয়। বেলা সাড়ে ১১টা ৫০ মিনিট নাগাদ ধীরে ধীরে স্বাভাবিক হয় রেল পরিষেবা।
তবে ট্র্যাক থেকে সরানো হলেও স্টেশন চত্বরে বিক্ষোভ চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেল পুলিশকে হিমশিম খেতে হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁরা দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছেন এবং সমস্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরেও এসআইআর প্রক্রিয়ার নামে তাঁদের বারবার শুনানির জন্য ডাকা হচ্ছে। এতে সাধারণ মানুষের চরম ভোগান্তি হচ্ছে। নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তাঁরা জানান, এই আন্দোলন কোনও রাজনৈতিক দলের নয়, সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত নাগরিক প্রতিবাদ।










