রানিগঞ্জের সিএমএসআই ভবনে রবিবার অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়নের (গ্রুপ সি) সাধারণ সভা হয়।
সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করে সংগঠনের পশ্চিমবঙ্গ সার্কেলের সহ-সভাপতি শান্তনু মুখোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদে সংগঠনের তরফে এদিন এই সভার আয়োজন করা হয়েছে। অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়ন (গ্রুপ সি) এর আসানসোল বিভাগ এই সভার আয়োজন করেছে।
তিনি আরও বলেন, আসানসোল, দুর্গাপুর এবং রানিগঞ্জের প্রতিনিধিরা এখানে এসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।
কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে ডাক বিভাগকে বিলুপ্ত করার ষড়যন্ত্র করছে। তারা রেজিস্ট্রি বাতিল করে স্পিড পোস্টের মাধ্যমে কাজ করাচ্ছে। যার ফলে সরকারি ব্যয় বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, কর্মীদের উপর অপ্রয়োজনীয় কাজের চাপ দেওয়া হয়েছে। তিনি ডাক বিভাগকে আউটসোর্স করার প্রচেষ্টারও বিরোধিতা করেন।
তিনি বলেন, এদিনের সাধারণ সভায় উপস্থিত প্রায় ১৫০ জন সদস্যের প্রত্যেকেই বলেছেন যে, কেন্দ্রীয় সরকার যদি তাদের পরিকাঠামো সরবরাহ করে তবে ডাক বিভাগের কাজ চালিয়ে যেতে তাদের কোনও সমস্যা নেই। তবে, কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে ডাক বিভাগকে বিলুপ্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার আমাদের সংগঠনের স্বীকৃতি বাতিল করেছে। যার বিরুদ্ধে কলকাতা এবং ঝাড়খণ্ড হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। দুই আদালতই আমাদের সংগঠনের স্বীকৃতি বাতিলের সিদ্ধান্তকে ভুল বলে নির্দেশ দিয়েছে। আমরা আদালতে মামলায় জয়ী হয়েছি। এছাড়াও, কেন্দ্রীয় সরকারের একটি সংগঠনকে কেন্দ্রীয় সরকার অবৈধভাবে সুবিধা পাইয়ে দিচ্ছিল। এর বিরুদ্ধেও আমাদের সংগঠন আদালতে মামলা দায়ের করেছিল এবং আমরা সেই মামলায়ও জয়ী হয়েছি। এইসব কিছু স্পষ্টভাবে বলে যে, আদালতও কেন্দ্রীয় সরকারের ভুল নীতির বিরুদ্ধে রায় দিচ্ছে। তিনি শূন্য পদে কর্মচারীদের নিয়োগের দাবি জানান এবং কেন্দ্রীয় সরকার শূন্য পদ বাতিল করার সিদ্ধান্তের বিরোধিতা করেন।
তিনি বলেন, আগামী ২৬ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংগঠনের সর্বভারতীয় নেতৃত্বের সাথে দিঘায় একটি সভা অনুষ্ঠিত হবে। যেখানে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং কেন্দ্রীয় সরকারের নীতির বিরোধিতা করে কিভাবে ডাক বিভাগের অস্তিত্ব রক্ষা করা যায় তা নিয়ে আলোচনা করা হবে।
এদিনের রানিগঞ্জের সাধারণ সভায় সংগঠনের সার্কেল নেতা দেবাংশু সাহা, ১২ জুলাই কমিটির হীরক গঙ্গোপাধ্যায়, ব্যাঙ্ক কর্মচারী ইউনিয়নের নেতা সুবিমল গোস্বামী, সিটু নেতা দেবীদাস বন্দোপাধ্যায় ছাড়াও সংগঠনের আসানসোল বিভাগের বিভাগীয় সম্পাদক সমীর খান ও সমীর মাঝি সহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।










