বার্নপুর : আসানসোল দক্ষিণ বিধানসভায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল মঙ্গলবার দুপুরে বার্নপুরের কালাঝড়িয়ায় দামোদর নদে পিএইচইর পাইপলাইন যাওয়া ভেঙে পড়া ব্রিজ পরিদর্শন করেন।
তিনি আবারও বালি চুরি নিয়ে সরব হন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, বালি চুরির কারণে দামোদর নদের ক্ষতি হচ্ছে। এই বালি চুরির কারণে নদের তলদেশে গভীর গর্ত তৈরি হচ্ছে। এর ফলে প্রাণহানি ঘটছে।
বিধায়ক বলেন, স্থানীয় মহিলারা এখানে নদে স্নান করতে আসেন। কারণ তাদের বাড়িতে স্নান করার জন্য কিছু নেই। সরকার তাদের একটা বাথরুম কোনওটাই তৈরি করে দেয়নি। দামোদর নদ থেকে বালি চুরির কারণে পাইপলাইন বহনকারী সেতুর পিলারগুলি এতটাই খারাপ হয়ে গেছে যে যেকোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। তবুও প্রশাসন কোনও মনোযোগ দিচ্ছে না।
বিধায়ক আবারও এদিন অভিযোগ করে বলেন, স্থানীয় পুলিশ প্রশাসন এবং তৃণমূল নেতৃত্বের যোগসাজশে অবৈধ বালি চুরি হচ্ছে। তাই প্রশাসন এই অবৈধ কার্যকলাপ বন্ধে কোনও মনোযোগ দিচ্ছে না। গত বছরের মে/জুন মাসে এই কালাঝড়িয়ায় পাইপলাইন যাওয়া ব্রিজ ভেঙে যায়। তারপর বছর ঘুরতে চললেও সেই পাইপলাইনটি মেরামত করা হয়নি।
তিনি বলেন, এই পাইপলাইন দিয়ে ৫১টি গ্রামে পানীয়জল সরবরাহ করা হয়। কিন্তু, সেই ভেঙে পড়া ব্রিজের মেরামতের অভাবে মানুষ জল পাচ্ছেন না। আসানসোল পুরনিগম ট্যাঙ্কারের ব্যবস্থা করেছিল। কিন্তু ট্যাঙ্কার মালিকদের টাকা না দেওয়ায় সেই পানীয়জল সরবরাহ বন্ধ হয়ে গেছে। বিজেপি ট্যাঙ্কার মালিকদের সাথে কথা বলে, তাই কিছু এলাকায় জল সরবরাহ আবার শুরু হয়েছে। কিন্তু কতদিন ধরে এটা চলবে?
বিধায়ক বলেন, আমি এদিন যে দামোদর নদে ওই ব্রিজের পিলার দেখলাম, তার অবস্থা উদ্বেগজনক। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
এর পাশাপাশি এদিন বিজেপি বিধায়ক ডামরায় একটি স্বাস্থ্য কেন্দ্রে আসেন। সেই স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো ও সাধারণ মানুষদের পরিসেবা দেওয়ার ব্যবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন। একইসাথে, এদিন বিজেপি বিধায়ক জনসংযোগ কর্মসূচীতে অংশ নেন।










