Home / খবর / জেলায় জেলায় / শুনানি শেষে ৩১ হাজার নাম বাদ নিশ্চিত বারাবনি বিধানসভায়, সালানপুর ব্লকে শুনানিতেই এলেন না ১ হাজার

শুনানি শেষে ৩১ হাজার নাম বাদ নিশ্চিত বারাবনি বিধানসভায়, সালানপুর ব্লকে শুনানিতেই এলেন না ১ হাজার

বারাবনি : এসআইআর শুনানি পর্বের চূড়ান্ত দিনটিও পার হয়ে গেল। এখনো পর্যন্ত স্পষ্ট যে চিত্র বেরিয়ে এল তাতে বারাবনি বিধানসভায় আপাতত কমপক্ষে ৩১ হাজার ভোটারের নাম বাদ পড়ে যাচ্ছে।

এরপরও যে ৩৫ হাজার ভোটারকে শুনানিতে ডাকা হয়েছিল তাদের তথ্য যাচাইয়ের পর নিশ্চিতভাবেই আরও কিছু নাম বাদ যাওয়ার সম্ভাবনা। ফলে একুশে ফেব্রুয়ারির পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলে দেখা যাবে বারাবনি বিধানসভা কেন্দ্রের ঠিক কতজন ভোটারের নাম বাদ পড়ল।

সালানপুর ব্লকে এস আই আর-এর প্রথম দফাতেই প্রায় ২১ হাজার ভোটার ফর্মই সংগ্রহ করেননি। ফলে সেই নামগুলি ভোটার তালিকা থেকে স্বাভাবিকভাবেই বাদ হয়ে গিয়েছে। এরপর শুনানিতে ডাক পেয়েছিলেন প্রায় ২০ হাজার ৩৮৩ জন ভোটার। এদের মধ্যেই প্রায় এক হাজার জন শুনানিতে উপস্থিত হননি। ফলে তারাও বাদ পড়ে যাবেন চূড়ান্ত ভোটার তালিকা থেকে।

যদিও নির্বাচন কমিশনের তরফে সালানপুর ব্লক প্রশাসন শুনানির জন্য আজ শেষ দিন পর্যন্ত প্রচেষ্টা চালিয়ে গেছেন। এর আগে ২৪-২৫ জানুয়ারি ৩-৪ ফেব্রুয়ারি মপআপ রাউন্ড করেও শুনানি চলেছে। কিন্তু বিভিন্ন প্রচেষ্টা সত্বেও সালানপুর ব্লকে অন্ততপক্ষে ১০০০ জন শুনানিতে উপস্থিত হননি।

সালানপুর ব্লকে সর্বশেষ তালিকা অনুযায়ী মোট ভোটারের সংখ্যা ১ লক্ষ ৬ হাজার ৭০০-এর মত। এখন দেখার ২১ ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য যাচাইয়ের পর কত জনের নাম ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকায় দেখা যায়।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *