বুবাই শীল, জলপাইগুড়ি: “আপনি আসবেন স্যার!”—উপভোক্তাদের এই আন্তরিক আবেদন ফেরাতে পারেননি জলপাইগুড়ি সদর ব্লকের প্রশাসনিক আধিকারিকরা। বাংলার বাড়ি প্রকল্পে সদর ব্লকে ৯,৯২০ জন উপভোক্তা বাড়ি পেয়েছেন। এর মধ্যে ৯০ শতাংশ বাড়ির কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ। কয়েকজন উপভোক্তা নতুন বাড়ি তৈরি করে গৃহপ্রবেশ অনুষ্ঠানের আয়োজনও করেন।
মণ্ডলঘাটের সঞ্জীব বিশ্বাস, হোসেন আলি, খারিজা বেরুবাড়ির মনীন্দ্র কর্মকার এবং আব্দুল জলিল—এই পাঁচ উপভোক্তা ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানান জলপাইগুড়ির সদর বিডিও, জেলা পরিষদের সভাধিপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতিকে। ব্যস্ত সময়ের মধ্যেও আমন্ত্রণ রক্ষা করতে ফুল-মিষ্টি হাতে অনুষ্ঠানে হাজির হন প্রশাসনের আধিকারিকরা।
একসময় এই উপভোক্তাদের বাড়ি ছিল ভগ্নদশায়, বসবাসের অনুপযুক্ত। সরকারি সাহায্য পেয়ে তাঁরা এখন নিজেরাই নিজের মতো করে নতুন বাড়ি তৈরি করেছেন। সেই নতুন বাড়িতে গৃহপ্রবেশের আনন্দ ভাগ করে নিতে প্রশাসনের কর্তাদের কাছে আন্তরিক আমন্ত্রণ জানান তাঁরা।

প্রবীণ উপভোক্তার সঙ্গে জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মণ ও সদর বিডিও মিহির কর্মকার
অধিকারিকদের উপস্থিতিতে আপ্লুত হয়ে পড়েন উপভোক্তারা। আপ্যায়নেও ত্রুটি রাখেননি কেউই। নতুন বাড়ির উচ্ছ্বাস ও সরকারি সহায়তার সাফল্য—দুটোই মিলিয়ে দিনটি হয়ে উঠল বিশেষ।










