সালানপুর ও আসানসোল : বাংলাদেশিদের জন্য ভারতীয় নাগরিকত্বের নথি তৈরির অভিযোগে আসানসোলের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
শনিবার রাতে গ্রেফতার হওয়া যুবকের নাম ছোটন সেন। রবিবার সকালে ধৃতকে আসানসোল আদালতে পেশ করা হয়েছে। এই অভিযোগের তদন্তে ধৃতকে দুদিনের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয় সালানপুর থানার পুলিশের তরফে। সেই আবেদনের ভিত্তিতে বিচারক তার জামিন নাকচ করে দুদিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন।
এদিকে, এই ঘটনায়, রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় তুলেছে প্রধান বিরোধী দল বিজেপি।
প্রসঙ্গত, এখন আসানসোলের পাশাপাশি গোটা রাজ্য জুড়ে এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশনে হিয়ারিং বা শুনানি চলছে। সেই সময় এই অভিযান আসানসোলের সালানপুর থানার একটা বড় সাফল্য মনে করা হচ্ছে।
শনিবার রাতে একটা সূত্র ধরে সালানপুর থানার অন্তর্গত দেন্দুয়া এলাকা থেকে ছোটন সেন নামে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ময়না সেন নামে এক বাংলাদেশি মহিলার জন্য বেশ কয়েকটি ভারতীয় নাগরিকত্বের নথি জাল করার অভিযোগ রয়েছে। সেই খবর ব্লক প্রশাসনের আধিকারিকদের কাছে আসে। এরপরে তদন্তে নেমে সালানপুর পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ছোটন সেন ময়না সেন নয়, আরো বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিকের জন্য ভারতীয় নাগরিকত্বের নথি তৈরি করেছে। যার জন্য সে তাদের কাছ থেকে অনেক টাকা নিয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। পুলিশের এক আধিকারিক বলেন, তদন্ত চলছে। সেই তদন্তে ধৃতকে হেফাজতে নিয়ে জেরায় আরও তথ্য বেরিয়ে আসবে।
অন্যদিকে, বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার নেতা অভিজিৎ রায় এই প্রসঙ্গে বলেন, এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও এই সালানপুরে ভোটার কার্ড পাওয়া গিয়েছিল। এই ঘটনা খুবই চিন্তাজনক।
তিনি আরও বলেন, এইভাবে জাল নথি করে দেওয়ার পেছনে শাসক দলের মদত রয়েছে। তা না হলে, একজনের পক্ষে এই কাজ করা সম্ভব নয়। তাই এসআইআর করাটা জরুরি। যদিও শাসক দলের তরফে বিজেপির দাবিকে উড়িয়ে দেওয়া হয়েছে।










