উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর মিলন মেলায় সুনামি রাইড থেকে তরুণীর পড়ে গিয়ে জখম হওয়ার ঘটনায় নতুন মোড়। আহত তরুণী গোলাপ নন্দীর মা রীতা নন্দী বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। রাইড পরিচালনায় গুরুতর গাফিলতির অভিযোগ তুলেছেন তিনি।
রীতা নন্দীর বক্তব্য, মেয়েকে রাইডে বসানোর পরই সেফটি বেল্ট খুলে যায়। সে বিষয়ে রাইড পরিচালনাকারী কর্মীকে জানানো হলেও কোনও গুরুত্ব দেওয়া হয়নি। তাঁর অভিযোগ, এই অবহেলার ফলেই বড় দুর্ঘটনা ঘটেছে। ঘটনাকে ঘিরে ছড়িয়ে পড়া নানা গুজব— সেলফি তুলতে গিয়ে পড়ে যাওয়া কিংবা ঝাঁপ দেওয়া— নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁর দাবি, এসব মিথ্যা প্রচারের ফলে মেয়ের শারীরিক ও মানসিক অবস্থার আরও অবনতি হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মিলন মেলায় দীর্ঘদিন ধরে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে উদ্বেগ রয়েছে। গত বছরও একই ধরনের রাইডে দুর্ঘটনা ঘটেছিল, কিন্তু তবুও প্রশাসন ও মেলা কর্তৃপক্ষ সতর্ক হয়নি। অভিযোগ, ব্যক্তিগত লাভের জন্য টিকিটের দাম ও খরচ বাড়ালেও নিরাপত্তার ক্ষেত্রে কোনও উন্নতি হয়নি।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আহত তরুণীর পরিবার দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।










