Home / খবর / জেলায় জেলায় / জলপাইগুড়ি-শিলিগুড়ি জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত এসআইআরের ডাটা এন্ট্রির দায়িত্বপ্রাপ্ত মহিলা কর্মী

জলপাইগুড়ি-শিলিগুড়ি জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত এসআইআরের ডাটা এন্ট্রির দায়িত্বপ্রাপ্ত মহিলা কর্মী

অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: শনিবার মর্মান্তিক পথ দুর্ঘটনা জলপাইগুড়ি-শিলিগুড়ি জাতীয় সড়কের দশদরগা এলাকায়। মৃত্যু হল এসআইআরের ডাটা এন্ট্রির দায়িত্বপ্রাপ্ত এক মহিলা কর্মীর। জখম আরও এক মহিলা কর্মী। তাদের স্কুটিতে সরাসরি ধাক্কা মারে এক ডাম্পার। ঘটনার জেরে শোকের ছায়া নেমেছে প্রশাসনিক মহলেও।

সহকর্মী পায়েল মোহন্তর সঙ্গে স্কুটিতে করে ময়নাগুড়ি বিডিও অফিসে যাচ্ছিলেন সম্পা রায়। দুজনেই ময়নাগুড়ি বিডিও অফিসে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্তব্যরত।এসআইআরের শুনানি কেন্দ্রের ডেটা এন্ট্রির দায়িত্বে রয়েছেন তারা। এ দিন দশদরগা এলাকায় উল্টোদিক থেকে আসা এক ডাম্পার সরাসরি ধাক্কা মারে স্কুটিতে। পায়েল ও সম্পা দু’জনেই গুরুতর জখম হন। পরে, জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার স্পেশালিটি হাসপাতালে ওই দু’জনকে আনা হলে চিকিৎসকেরা সম্পাকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন পায়েল।

মৃতের এক খুড়তুতো ভাই বিশ্বজিৎ রায় বলেন, “শনিবার দিদির ছুটি থাকে। তবে এখন এসআইআরের ডিউটি পড়ায় এদিন ময়নাগুড়ি বিডিও অফিসে যাচ্ছিল। মা, অসুস্থ বাবা, ভাই, বোনের সংসারে একমাত্র উপার্জনশীল ছিল দিদি। আমরা ভাবতেই পারছি না এমন পরিণতি।”

হাসপাতালে আসা এক সরকারি কর্মচারী বলেন, “সম্পা আমাদের সহকর্মী ছিল। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা।” সম্পার মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়। ঘাতক ডাম্পারের খোঁজ চালাচ্ছে পুলিশ।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *