Home / খবর / জেলায় জেলায় / জয়নগর মজিলপুর পুরসভায় এক দিনের সামাজিক সুরক্ষা শিবির, উপচে পড়ল মানুষের ভিড়

জয়নগর মজিলপুর পুরসভায় এক দিনের সামাজিক সুরক্ষা শিবির, উপচে পড়ল মানুষের ভিড়

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : রাজ্য সরকারের শ্রমদপ্তরের উদ্যোগে অসংগঠিত শ্রমিক, নির্মাণকর্মী ও পরিবহনকর্মীদের জন্য সামাজিক সুরক্ষা মাস উদযাপনকে কেন্দ্র করে জয়নগর মজিলপুর পুরসভায় অনুষ্ঠিত হল এক দিনের বিশেষ সামাজিক সুরক্ষা শিবির। বৃহস্পতিবার আয়োজিত এই শিবিরে সাধারণ মানুষের অংশগ্রহণ ও আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

এদিন শিবিরে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হয় এবং বিনামূল্যে নথিভুক্তকরণের সুযোগও দেওয়া হয়। রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা যোজনার আওতায় ১৮ থেকে ৬০ বছর বয়সি নথিভুক্ত অসংগঠিত শ্রমিকরা প্রতি মাসে ৫৫ টাকা করে অনুদান পান, যার সঙ্গে চক্রবৃদ্ধি হারে সুদের সুবিধাও রয়েছে। পেনশন প্রাপকের মৃত্যুর পর তাঁর স্ত্রী বা স্বামী ন্যূনতম মাসিক ৫০০ টাকা থেকে ৭৫০ টাকা পর্যন্ত পেনশন পাবেন। পাশাপাশি ৬০ বছর বয়সে পূর্ণ মেয়াদ শেষে সর্বোচ্চ ২ লক্ষ ৫০ হাজার টাকা পাওয়ার ব্যবস্থাও রয়েছে।

শিবিরে জানানো হয়, স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে নমিনি ৫০ হাজার টাকা আর দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। নির্মাণকর্মীদের জন্য রয়েছে এক হাজার টাকা আর্থিক সুবিধা, এবং পরিবহনকর্মীদের জন্য নির্ধারিত হয়েছে দেড় হাজার টাকা সহায়তা। শারীরিক অক্ষমতার ক্ষেত্রে শ্রমিক নিজে ৫০ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন।

জয়নগর মজিলপুর পুরসভা এলাকার বহু মানুষ এদিন এই সামাজিক সুরক্ষা শিবিরে অংশ নেন। সরকারি প্রকল্পের সুবিধা এক ছাদের তলায় পেয়ে খুশি সাধারণ মানুষ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সামাজিক সুরক্ষা মাস জুড়ে এই ধরনের শিবির চলবে, যাতে আরও বেশি শ্রমিক সরকারি প্রকল্পের আওতায় আসতে পারেন।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *