Home / খবর / জেলায় জেলায় / বিএলও-র মৃত্যু! পূর্ব বর্ধমানের মেমারিতে চাঞ্চল্য

বিএলও-র মৃত্যু! পূর্ব বর্ধমানের মেমারিতে চাঞ্চল্য

পূর্ব বর্ধমানের মেমারিতে ভোটার তালিকা সংশোধনের কাজে নিযুক্ত এক বুথ লেভেল অফিসার (বিএলও)-এর মৃত্যু। মৃতা নমিতা হাঁসদা পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী ছিলেন। তিনি চক বলরামপুরের ২৭৮ নম্বর বুথে বিএলও হিসাবে দায়িত্ব পালন করছিলেন। শনিবার রাতে হঠাৎই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

পরিবারের অভিযোগ, নির্বাচন কমিশনের এনুমারেশন ফর্ম বিলির কাজে অতিরিক্ত চাপের কারণেই এই দুর্ঘটনা। মৃতার স্বামী মাধব হাঁসদা বলেন, “রোজ রোজ ওকে বলা হচ্ছিল আরও বেশি ফর্ম বিলি করতে হবে। খুব মানসিক চাপে ছিল নমিতা। রাত পর্যন্ত কাজ করছিল। শনিবার কর্মরত অবস্থাতেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়, রাতে মারা যায়।”

ঘটনায় প্রশাসনের তরফে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানি জানিয়েছেন, “ঘটনার খবর পেয়েছি। অসুস্থ কর্মীদের বিএলও ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

বিএলও এবং ভোটকর্মীদের সংগঠন ‘বিএলও ঐক্যমঞ্চ’-এর সম্পাদক স্বপন মণ্ডল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে চিঠি দিয়ে মৃতার পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় এনুমারেশন ফর্ম বিলি ও সংগ্রহের কাজ চলবে। এরপর ৯ ডিসেম্বর প্রকাশিত হবে প্রাথমিক খসড়া ভোটার তালিকা।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *