Home / খবর / জেলায় জেলায় / হাঁসখালি গণধর্ষণ ও খুন কাণ্ডে ৯ জন দোষী, মঙ্গলবার সাজা ঘোষণা

হাঁসখালি গণধর্ষণ ও খুন কাণ্ডে ৯ জন দোষী, মঙ্গলবার সাজা ঘোষণা

নদিয়ার হাঁসখালির গণধর্ষণ ও খুনের মামলায় বড়সড় রায় দিল রানাঘাটের এডিজি আদালত। এই ঘটনায় মোট ৯ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। মঙ্গলবার আদালত দোষীদের বিরুদ্ধে সাজা ঘোষণা করবে। কলকাতা হাই কোর্টের নির্দেশে এই মামলার তদন্ত করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

আদালতের রায় অনুযায়ী, মূল অভিযুক্ত ব্রজগোপাল গোয়ালি ওরফে সোহেল গোয়ালি এবং তাঁর বাবা সমরেন্দ্র গোয়ালি সহ মোট ৯ জনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে। সোহেল গোয়ালি, প্রভাকর পোদ্দার ও রঞ্জিত মল্লিকের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রমাণ লোপাট, ভয় দেখানো, গণধর্ষণ এবং পকসো আইনের ধারায় দোষ সাব্যস্ত হয়েছে। সুরজিৎ রায় ও আকাশ বাড়ৈ দোষী সাব্যস্ত হয়েছেন ষড়যন্ত্র ও ভয় দেখানোর ধারায়। সমরেন্দ্র গোয়ালি, দীপ্ত গোয়ালি ও পীযূষ কান্তি ভক্তের বিরুদ্ধে প্রমাণ লোপাট ও ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণিত হয়েছে। অংশুমান বাগচীকেও সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে।

২০২২ সালে হাঁসখালিতে ঘটে যাওয়া এই ঘটনায় রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। অভিযোগ ছিল, এক কিশোরীকে জন্মদিনের অনুষ্ঠানের নাম করে ডেকে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়। পরে তাঁর মৃত্যু হয় এবং ময়নাতদন্ত ছাড়াই দেহ দাহ করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার সঙ্গে তৃণমূল নেতা সমরেন্দ্র গোয়ালির ছেলে সোহেল গোয়ালির নাম জড়িয়ে পড়ে।

সিবিআই তদন্তে মূল অভিযুক্তদের ভূমিকা স্পষ্ট হওয়ার পর আদালত এই রায় দেয়। মঙ্গলবার কী সাজা ঘোষণা হয়, সেই দিকেই তাকিয়ে রয়েছে রাজ্যবাসী।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *