চিত্তরঞ্জন : ভয়ানক ঠান্ডা এবং তুষারপাতের মধ্যে কাশ্মীরে আটকে পড়েছেন পাঁচ শ্রমিক। এই অবস্থায় তাঁরা বাড়ি ফিরতে চাইলেও সংশ্লিষ্ট ঠিকাদার তাদের ফিরতে দিচ্ছেন না এবং প্রাণে মারার হুমকি দিচ্ছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে।
বাড়ি ফিরতে দেওয়ার জন্য হতদরিদ্র এই মানুষগুলির কাছে ওই ঠিকাদার চল্লিশ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করেছেন বলেও ভিডিও বার্তায় জানিয়েছেন ওই পাঁচ যুবক। টাকা না পেলে তাদের মেরে ফেলা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। এদের বাড়ি চিত্তরঞ্জন সংলগ্ন মিহিজামের কৃষ্ণনগর ৫ নম্বর রোড এবং রেলপার গান্ধীনগর এলাকায়।
প্রাণভয়ে ভীত আটক এই কর্মীদের নাম রবি মুশাহর, দিলীপ বাউরি, শিবা দাস, ভোলা তুরি এবং সিকান্দার তুরি।
ওই পাঁচ যুবক জানিয়েছেন, মাসখানেক আগে দুমকার বিজয় মির্ধা এবং মালিক মির্ধা ও আরও একজন ঠিকাদার কাজের প্রলোভন দেখিয়ে তাদের কাশ্মীরে নিয়ে আসেন। কাশ্মীরে রাস্তার ধারে পাথরের দেওয়াল তৈরীর কাজে তাদের লাগানো হয়। প্রচন্ড ঠান্ডা এবং তুষারপাতের মধ্যেই জীবন হাতে করে তাদের কাজ করতে হচ্ছে। কিন্তু ঠিকমতো খাবার দাবার দেওয়া হচ্ছে না, আবার ঘরেও ফিরতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন। ঠিকেদার সব সময় তাদের ভয় দেখাচ্ছেন।
অত্যন্ত সঙ্গীন এই পরিস্থিতিতে তারা স্থানীয় প্রশাসন বা অন্য কোথাও বিষয়টি জানাতে পারেন নি। শেষ পর্যন্ত মোবাইলের মাধ্যমে এক সাংবাদিকের সঙ্গে তারা যোগাযোগ করতে পারেন এবং সমস্ত বিষয়টি জানান। ঘরে ফিরে আসতে উন্মুখ ওই পাঁচ যুবক জানিয়েছেন মিহিজামের সামাজিক সংগঠন এবং ঝাড়খন্ড প্রশাসন যেন দ্রুত উদ্যোগ নিয়ে তাদের ঘরে ফেরার ব্যবস্থা করেন। তবে কাশ্মীরে নিয়ে যাওয়া দুমকার যে ঠিকাদারদের নাম তারা বলেছেন তাদের সঙ্গে এ বিষয়ে কোনও যোগাযোগ করা যায়নি। ফলে প্রকৃত কি ঘটনা সেখানে ঘটছে তা ওইসব শ্রমিকদের মুখ থেকেই ভিডিও বার্তায় শুনতে পাওয়া।










