আসানসোলের কালী পাহাড়ি এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী মা ঘাঘর বুড়ি মন্দিরে ধর্মচক্র সেবা সমিতির ৩৯ বর্ষ পূর্তি উপলক্ষে ব্যাপক আয়োজন করা হয়।
বর্ষপূর্তি উপলক্ষে দিনভর ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি একাধিক সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই উপলক্ষে মন্দির প্রাঙ্গণে একটি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হলে বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে অংশগ্রহণ করেন।
মানবসেবার এই উদ্যোগকে কেন্দ্র করে ভক্ত ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিশেষ উৎসাহ লক্ষ্য করা যায়।
এই প্রসঙ্গে কালী পাহাড়ি ধর্মচক্র সেবা সমিতির সভাপতি রূপেশ কুমার সাও জানান, প্রতিষ্ঠালগ্নে খুব ছোট পরিসরে এই সেবামূলক সংগঠনের যাত্রা শুরু হলেও দীর্ঘ ৩৯ বছরের নিরলস প্রচেষ্টা ও ভক্তদের সহযোগিতায় আজ এই প্রতিষ্ঠান একটি বৃহৎ সামাজিক সংগঠনে পরিণত হয়েছে।
বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন সংগঠনের সমাজসেবামূলক মানসিকতারই প্রতিফলন। বর্তমানে মন্দির প্রাঙ্গণে টানা পাঁচ দিন লঙ্গর পরিষেবা চালু রয়েছে। আগামী দিনে সপ্তাহের সাত দিনই লঙ্গর পরিষেবা চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি। ভক্ত ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে এই উদ্যোগে পূর্ণ সহযোগিতার আশ্বাস মিলেছে এবং খুব শীঘ্রই এই পরিকল্পনা বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
এছাড়াও ধর্মচক্র সেবা সমিতির উদ্যোগে নিয়মিতভাবে মন্দির চত্বরে বিভিন্ন উন্নয়নমূলক ও নির্মাণ কাজ চলতে থাকায় পরিকাঠামো ক্রমশ আরও আধুনিক ও সমৃদ্ধ হয়ে উঠছে। মন্দির সংলগ্ন একটি কমিউনিটি হলের মাধ্যমে সমাজের দরিদ্র ও প্রয়োজনীয় শ্রেণির মানুষ অত্যন্ত স্বল্প ভাড়ায় তাঁদের পারিবারিক ও সামাজিক অনুষ্ঠান আয়োজনের সুযোগ পাচ্ছেন বলেও জানান সমিতির সভাপতি। তিনি আরও বলেন, ধর্মচক্র সেবা সমিতি দীর্ঘদিন ধরেই ধর্মীয় কার্যকলাপের পাশাপাশি সমাজকল্যাণমূলক নানা কাজে যুক্ত রয়েছে।
এই কর্মকাণ্ডে আসানসোলের পাশাপাশি আশপাশের এলাকার মানুষেরও সক্রিয় সহযোগিতা সংগঠনটি পেয়ে থাকে। ধর্ম, মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতার মেলবন্ধনে ৩৯ বর্ষ পূর্তির এই অনুষ্ঠান এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।










