উলুবেড়িয়ায় ঘটে গেল ভয়াবহ এক দুর্ঘটনা। স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে পুকুরে ডুবে গেল একটি পুলকার। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারানোয় গাড়িটি সোজা রাস্তার ধারে থাকা পুকুরে গিয়ে পড়ে। এই মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন স্কুলপড়ুয়া।
দুর্ঘটনাটি ঘটে উলুবেড়িয়ার বহিরা শ্মশানতলার একটি পুকুরে। স্থানীয়দের বক্তব্য, সোমবার বিকেল সাড়ে তিনটা নাগাদ জগদীশপুরের একটি বেসরকারি স্কুল থেকে পাঁচজন পড়ুয়াকে নিয়ে বহিরা দাসপাড়ার দিকে ফিরছিল পুলকারটি। শ্মশানতলার কাছে পৌঁছতেই হঠাৎ নিয়ন্ত্রণ হারায় গাড়ি এবং মুহূর্তের মধ্যে উলটে পুকুরের ভেতরে ঢুকে যায়।
স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। গাড়ির ভেতর আটকে থাকা পড়ুয়াদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে। সেখানে চিকিৎসকেরা তিনজনকে মৃত ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা চলছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমেছে শোকের ছায়া।










