Home / খবর / জেলায় জেলায় / বাদাম ভেবে বিষ ফল খেয়ে অসুস্থ ১১ শিশু, ভর্তি ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজে

বাদাম ভেবে বিষ ফল খেয়ে অসুস্থ ১১ শিশু, ভর্তি ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজে

উজ্জল বন্দ্যোপাধ্যায়: ঘোর বিপত্তি দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে। বাদাম ভেবে বিষাক্ত ফল খেয়ে অসুস্থ হয়ে পড়ল ১১ জন শিশু। সকলেই বর্তমানে ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছে। হাসপাতাল সূত্রে খবর, আপাতত সকলেরই চিকিৎসা চলছে এবং তারা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে।

জানা গিয়েছে, অসুস্থ শিশুরা সকলেই মন্দিরবাজার থানার অন্তর্গত বলদেবপুর এলাকার বাসিন্দা। মঙ্গলবার সকালে একসঙ্গে খেলাধুলো করার সময় রাস্তার পাশের একটি গাছে বাদামজাতীয় দেখতে ফল চোখে পড়ে তাদের। খুদেরা বুঝতে না পেরে সেই ফলই খেয়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই একে একে বমি, পেটব্যথা, শ্বাসকষ্ট-সহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়।

পরিবারের সদস্যরা দ্রুত শিশুদের মথুরাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাদের ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, বিষাক্ত ফল খাওয়ার কারণেই এই অসুস্থতা।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্বাভাবিকভাবেই উৎকণ্ঠায় রয়েছেন শিশুদের পরিবারের সদস্যরা। তবে হাসপাতাল সূত্রে আশ্বস্ত করা হয়েছে, সকল শিশুই বর্তমানে বিপন্মুক্ত।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *