কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হল ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া অফিসারস্ অ্যাসোসিয়েশনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘গুঞ্জ ২০২৬’। রবিবার, ১ মার্চ আয়োজিত এই অনুষ্ঠানে নাচ, গান, কবিতা, বাদ্যযন্ত্র পরিবেশন ও নাটকের মাধ্যমে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার সাক্ষী থাকলেন উপস্থিত দর্শকরা।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার কলকাতা আঞ্চলিক প্রধান সন্তোষ শাহু, বৃহত্তর কলকাতার আঞ্চলিক প্রধান অমিত কুমার, হাওড়া আঞ্চলিক প্রধান সুরেন্দ্র সিং গুসাই, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া অফিসারস্ অ্যাসোসিয়েশনের সভাপতি রণদীপ সেন, সাধারণ সম্পাদক দেবব্রত দাস সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।
ব্যস্ত কর্মজীবনের মাঝেও ব্যাংক কর্মীদের সাংস্কৃতিক প্রতিভার অনন্য প্রকাশ দেখা যায় এদিনের অনুষ্ঠানে। ইউনিয়ন ব্যাংকের আধিকারিক ও তাঁদের পরিবারের সদস্যদের কবিতা পাঠ, পিয়ানো পরিবেশন এবং নৃত্য পরিবেশনা দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে। পাশাপাশি সদস্য ও অবসরপ্রাপ্ত কর্মীদের যৌথ উদ্যোগে মঞ্চস্থ ‘আলিবাবা পাঁচালী’ নাটকটি ব্যাপক প্রশংসা কুড়ায়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিল্পী বাসুদেব দাস বাউল, বিদীপ্তা চক্রবর্তী ও অরুনিতা কাঞ্জিলালের সঙ্গীত পরিবেশনা অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে। তাঁদের গানে মুখর হয়ে ওঠে নজরুল মঞ্চ।
সাংস্কৃতিক আনন্দের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্তও তুলে ধরে সংস্থাটি। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া অফিসারস্ অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রায় চল্লিশজন শিশুর হাতে স্কুল ব্যাগ, পড়াশোনার সামগ্রী এবং খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।










