ভারতীয় ক্রিকেট বোর্ডের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে সচিন তেন্ডুলকরের নাম উঠে আসছে জোরালোভাবে। সূত্রের খবর, আইসিসি চেয়ারম্যান জয় শাহ নিজেই সচিনকে এই পদে দেখতে আগ্রহী এবং তাঁকেই রাজি করানোর দায়িত্ব নিয়েছেন। চলতি মাসের শেষেই হতে পারে বোর্ডের নির্বাচন। আপাতত লোধা আইন মেনেই সেই ভোট হওয়ার সম্ভাবনা।
বর্তমান প্রেসিডেন্ট রজার বিনি ৭০ বছর পেরিয়ে যাওয়ায় নিয়ম অনুযায়ী আর প্রার্থী হতে পারবেন না। তাই তাঁর বিকল্প হিসেবে কোনও হেভিওয়েট ক্রিকেটারকে বসানোর চিন্তাভাবনা করছে বিসিসিআই। বিনির আগে প্রেসিডেন্ট ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই ধারাবাহিকতাতেই এবার বোর্ড চায় আরেক কিংবদন্তি ক্রিকেটার আসুন প্রশাসনের শীর্ষ পদে। তখনই সামনে আসে সচিনের নাম।
সূত্রের দাবি, অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি চলাকালীন লর্ডস টেস্টে জয় শাহ ও সচিনের মধ্যে এই নিয়ে আলোচনা হয়েছে। তবে শচীন প্রস্তাবে রাজি হয়েছেন কি না, তা এখনও পরিষ্কার নয়। প্রধান বাধা হতে পারে তাঁর বিজ্ঞাপনী চুক্তি। বোর্ড সভাপতি হলে সেগুলো ছাড়তে হবে।
তবে জয় শাহর সঙ্গে সচিনের ব্যক্তিগত সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ায় শেষ পর্যন্ত ক্রিকেটের ঈশ্বরকে বিসিসিআই সভাপতির কুর্সিতে দেখা যাবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন।










