শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সে আর দেখা যাবে না বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে। আইপিএল ২০২৬-এ তাঁকে খেলানো যাবে না বলে কেকেআরকে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সাম্প্রতিক ভারত–বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের আবহে এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।
সূত্রের খবর, বিসিসিআই সচিবের তরফে কেকেআরকে চিঠি পাঠিয়ে মুস্তাফিজুরকে দল থেকে ছাড়তে অনুরোধ করা হয়েছে। এবারের আইপিএল নিলামে সাতজন বাংলাদেশি ক্রিকেটার অংশ নিলেও একমাত্র মুস্তাফিজুরই দল পেয়েছিলেন। তাঁকে ৯.২ কোটি টাকায় কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে নিলামের পর থেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে বিতর্ক শুরু হয়।
ভারত ও বাংলাদেশের কূটনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে প্রশ্ন ওঠে, এই আবহে কী ভাবে একজন বাংলাদেশি ক্রিকেটার আইপিএলে খেলবেন। বিতর্কের জেরে কেকেআর মালিক শাহরুখ খানও চাপের মুখে পড়েন বলে জানা গেছে। সেই পরিস্থিতিতেই হস্তক্ষেপ করল বিসিসিআই।
বোর্ড সূত্রে জানানো হয়েছে, মুস্তাফিজুরের পরিবর্তে কেকেআর অন্য কোনও বিদেশি ক্রিকেটার দলে নিতে পারবে। ফলে আইপিএল ২০২৬-এ মুস্তাফিজুর রহমানের খেলা কার্যত অনিশ্চিত হয়ে গেল।










