অবশেষে সব জল্পনার অবসান। ঘোষণা হয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ১৫ সদস্যের দল। বড় চমক হিসেবে স্কোয়াডে জায়গা পেলেন ঈশান কিষান, আর বাদ পড়লেন শুভমান গিল। আগামী বছর ফেব্রুয়ারিতে দেশের মাটিতে শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া, প্রধান নির্বাচক অজিত আগরকর ও অধিনায়ক সূর্যকুমার যাদব একসঙ্গে দল ঘোষণা করেন। এই দলই নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও খেলবে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য সিরিজ জেতা দল থেকেই বেশিরভাগ ক্রিকেটার থাকলেও গিলের বাদ পড়া বড় চমক। এশিয়া কাপের আগে যাঁকে ফের সহ-অধিনায়ক করা হয়েছিল, ফর্মের অভাবে সেই গিলই শেষ পর্যন্ত বিশ্বকাপের দলে জায়গা পেলেন না। সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে অক্ষর প্যাটেলকে। বাদ পড়েছেন জিতেশ শর্মাও। তাঁর জায়গায় ‘ফিনিশার’ হিসেবে দলে ঢুকেছেন রিঙ্কু সিং।
সবচেয়ে আলোচিত সংযোজন ঈশান কিষান। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৫১৭ রান, প্রায় ২০০ স্ট্রাইক রেট এবং ফাইনালে ৫১ বলে সেঞ্চুরি করে ঝাড়খণ্ডকে খেতাব জেতানোই তাঁর প্রত্যাবর্তনের মূল কারণ। ২০২৩ সালের নভেম্বরের পর এই প্রথম টি-টোয়েন্টি দলে ফিরলেন ঈশান, তাও সরাসরি বিশ্বকাপে। গিল না থাকায় ওপেনিংয়ে সঞ্জু স্যামসনকেই দেখা যাবে বলে ইঙ্গিত মিলেছে। একই সঙ্গে অধিনায়ক সূর্যকুমার যাদবের ফর্ম নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল— সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), ঈশান কিষান, সঞ্জু স্যামসন, জশপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা ও ওয়াশিংটন সুন্দর।
৭ ফেব্রুয়ারি থেকে শুরু বিশ্বকাপ, ফাইনাল ৮ মার্চ। ভারতের অভিযান শুরু হবে ৭ ফেব্রুয়ারি আমেরিকার বিরুদ্ধে। বহু প্রতীক্ষিত ভারত-পাক ম্যাচ ১৫ ফেব্রুয়ারি কলম্বোয়। গ্রুপে পাকিস্তান ছাড়াও রয়েছে নেদারল্যান্ডস, নামিবিয়া ও আমেরিকা। ১২ ফেব্রুয়ারি নামিবিয়ার বিরুদ্ধে এবং ১৮ ফেব্রুয়ারি মুম্বইয়ে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া।










