গোয়ার মাটিতে আর একধাপ দূরে দাঁড়িয়ে ট্রফি হাতছাড়া করল ইস্টবেঙ্গল। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে টাইব্রেকারে ৬-৫ গোলে জিতে সুপার কাপ নিজেদের দখলে রাখল এফসি গোয়া। দুই মরশুম আগে ওড়িশার মাঠে শিরোপা জিতেছিল লাল-হলুদ ব্রিগেড। এবারও সেই পুনরাবৃত্তির সম্ভাবনা ছিল, কিন্তু শেষ মুহূর্তে ভেঙে যায় স্বপ্ন।
সেমিফাইনালে লাল কার্ড দেখায় ডাগআউটে ছিলেন না অস্কার ব্রুজো। গ্যালারি থেকেই দলের হার দেখা ছাড়া কিছু করার ছিল না তাঁর। ম্যাচের শুরুতে কর্নার ও ফ্রিকিক পেলেও সেভাবে সুবিধা করতে পারেনি ইস্টবেঙ্গল। পালটা আক্রমণে দু’দলই কয়েকটি সুযোগ তৈরি করে। ২০, ৪২ ও ৪৫ মিনিটে নাওরেম মহেশের তিনটি সুযোগ গোল হয়ে উঠতে পারত, কিন্তু গোয়ার গোলকিপার হৃতিক তিওয়ারির সামনে ব্যর্থ হন তিনি। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।
দ্বিতীয়ার্ধেও সমান তালে আক্রমণ চলতে থাকে। ৬২, ৭৪, ৭৬ ও ৮০ মিনিটে সাফল্যের মুখ দেখতে পারত ইস্টবেঙ্গল। তবে গোললাইন ক্লিয়ারেন্স, পোস্টে লেগে প্রতিহত শট আর সহজ মিস—সব মিলিয়ে বারবার হাতছাড়া হয় সুযোগ। নির্ধারিত সময় গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও আক্রমণের ঝড় তোলে গোয়া, কিন্তু ইস্টবেঙ্গলের গোলরক্ষক প্রভুসুখন সিং গিল দলের রক্ষাকর্তা হয়ে একের পর এক বাঁচান।
অবশেষে সিদ্ধান্ত টাইব্রেকারে। শুরুতেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। কিন্তু রশিদের শট বারে লাগে, পিভি বিষ্ণুও লক্ষ্যভ্রষ্ট হন। অন্যদিকে গোয়ার শ্যুটাররা গুরুত্বপূর্ণ মুহূর্তে স্নায়ুর চাপ সামলে গোল করে যান। শেষ পর্যন্ত সাহিল তাভোরার সফল শটে ৬-৫ ব্যবধানে জয় তুলে নেয় গোয়া।
গোয়ার মাঠে দাঁড়িয়ে আবারও ট্রফি জয়ের সুযোগ হারাল ইস্টবেঙ্গল। স্বপ্নভঙ্গ হল আরও একবার।










