আইপিএলে মুস্তাফিজুর রহমানকে খেলতে না দেওয়ার প্রতিবাদে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে না আসার সিদ্ধান্তের কথা জানাল বাংলাদেশ। সে দেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-কে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। একই সঙ্গে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করার বিষয়টিও বিবেচনাধীন বলে জানানো হয়েছে।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে এক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান। তিনি লেখেন, “ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছি—একজন বাংলাদেশি ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও যদি ভারতে খেলতে না পারেন, তা হলে গোটা বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা নিরাপদ মনে করতে পারে না।”
আসিফ নজরুল আরও জানান, ভারতের বদলে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ আয়োজনের বিষয়ে আইসিসির সঙ্গে আলোচনা করতে বিসিবিকে নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর কথায়, “বোর্ডকে বলেছি, আইসিসির কাছে পুরো বিষয়টি লিখিতভাবে জানাতে এবং বাংলাদেশের ম্যাচগুলি শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ করতে।”
এই প্রসঙ্গে নজরুল আইপিএল সম্প্রচার বন্ধ করার দাবিও তোলেন। তিনি লেখেন, “আমি তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছি, বাংলাদেশে আইপিএলের সম্প্রচার যেন বন্ধ করে দেওয়া হয়। বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও দেশের অপমান কোনও অবস্থাতেই মেনে নেওয়া হবে না।”
নজরুলের অভিযোগ, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপে পড়ে ভারতীয় ক্রিকেট বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজুর রহমানকে না খেলানোর নির্দেশ দিয়েছে। এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদও করেন তিনি।
এদিকে, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া হবে কি না, তা নিয়ে আলোচনার জন্য শনিবার রাতে জরুরি বৈঠক ডাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচ রয়েছে। তার মধ্যে তিনটি ম্যাচ হওয়ার কথা কলকাতার ইডেন গার্ডেন্সে। বিশ্বকাপের প্রথম দিনই ইডেনে ওয়েস্ট ইন্ডিজর বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচ নির্ধারিত রয়েছে। চতুর্থ ম্যাচটি হওয়ার কথা মুম্বইয়ে।
এই পরিস্থিতিতে বাংলাদেশ আইসিসির কাছে কী সিদ্ধান্ত জানায় এবং বিশ্বকাপ সূচিতে কোনও পরিবর্তন হয় কি না, সেদিকেই এখন তাকিয়ে ক্রিকেট বিশ্ব।










