Home / খবর / কলকাতা মেট্রোয় ফিরল রিটার্ন টিকিট, পরীক্ষামূলক ভাবে পরিষেবা চালু

কলকাতা মেট্রোয় ফিরল রিটার্ন টিকিট, পরীক্ষামূলক ভাবে পরিষেবা চালু

কলকাতা: দীর্ঘদিন পর আবার কলকাতা মেট্রোয় চালু হল রিটার্ন টিকিটের সুবিধা। শনিবার থেকে পরীক্ষামূলক ভাবে এই পরিষেবা শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ। এর ফলে যাত্রীদের আর যাতায়াতের জন্য বারবার টিকিট কাউন্টারে লাইনে দাঁড়াতে হবে না। একবারেই যাওয়া–আসার টিকিট কেটে নেওয়া যাবে।

একসময় কাগজের টিকিট ব্যবস্থায় কলকাতা মেট্রোয় রিটার্ন টিকিটের সুবিধা ছিল। কিন্তু ২০১১ সালের ১ অগস্ট থেকে টোকেন ব্যবস্থা চালু হওয়ার পর সেই পরিষেবা বন্ধ হয়ে যায়। টোকেনে রিটার্ন টিকিট কাটার সুযোগ না থাকায় যাঁরা মেট্রোয় যাতায়াত করতেন, তাঁদের দু’বার টিকিট কাটতে হতো। বিশেষ করে যাঁরা মেট্রোয় গিয়ে আবার মেট্রোতেই ফেরেন, তাঁদের কাছে এই পরিষেবার গুরুত্ব ছিল অনেকটাই।

সম্প্রতি কিউ-আর কোডযুক্ত কাগজের টিকিট চালু হওয়ায় নতুন করে রিটার্ন টিকিটের ভাবনা বাস্তবায়িত করা সম্ভব হয়েছে। মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক এস এস কন্নান জানিয়েছেন, “পরীক্ষামূলক ভাবে রিটার্ন টিকিট চালু করা হয়েছে। যাত্রীরা টিকিট কেটে প্রবেশের সময় যেমন স্ক্যান করবেন, ফেরার সময়ও বুকিং কাউন্টারে না গিয়ে সরাসরি স্ক্যান করেই যাতায়াত করতে পারবেন।”

২০২৫ সাল থেকে মেট্রোর টিকিট কাউন্টারে কিউ-আর কোডযুক্ত কাগজের টিকিট চালু হয়। তখন থেকেই রিটার্ন টিকিট চালুর কথা ভাবছিল কর্তৃপক্ষ। আপাতত পরীক্ষামূলক ভাবে এই ব্যবস্থা চালানো হলেও, যাত্রীদের মধ্যে চাহিদা দেখা গেলে ভবিষ্যতে এটি স্থায়ী করা হতে পারে বলে জানানো হয়েছে।

মেট্রোয় কর্মীসঙ্কটের কারণে ব্যস্ত সময়ে টিকিট কাউন্টারে ভিড় বাড়ে এবং যাত্রীদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হয়। রিটার্ন টিকিট চালু হলে কাউন্টারের উপর চাপ কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, নগদ লেনদেনে খুচরো ফেরত দেওয়া নিয়ে যে সমস্যায় কর্মীদের পড়তে হয়, তাও অনেকটাই কমবে বলে আশা মেট্রো কর্তৃপক্ষের।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *