রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী এক সপ্তাহে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে, আর দিনের তাপমাত্রায় সামান্য ওঠানামা হতে পারে। সর্বত্র শীতের আমেজ বজায় থাকবে এবং রাজ্য জুড়ে আবহাওয়া শুকনোই থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
তবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় কুয়াশার সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে আজ ভোরে ঘন কুয়াশা দেখা দিতে পারে।
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। সমতলের মধ্যে সবচেয়ে শীতল বোলপুর, যেখানে পারদ নেমে গিয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। আবহাওয়াবিদদের মতে, আগামী ৭-৮ দিন শীতের এই স্থিতাবস্থা বজায় থাকবে। তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই, বরং ১ থেকে দেড় ডিগ্রি পর্যন্ত আরও কমতে পারে।









