Home / খবর / রাজ্য / শীতের দাপট বাড়ছে দক্ষিণবঙ্গে, কলকাতায় পারদ ফের ১৪ ডিগ্রিতে!

শীতের দাপট বাড়ছে দক্ষিণবঙ্গে, কলকাতায় পারদ ফের ১৪ ডিগ্রিতে!

ছবি: রাজীব বসু

গোটা দক্ষিণবঙ্গে ফের একটু একটু করে শীতের প্রভাব বাড়তে শুরু করেছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াসে। পাশাপাশি বীরভূম ও পুরুলিয়ার মতো পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচেও নামতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ থেকে ৩ দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তুলনামূলক কম তাপমাত্রা বজায় থাকবে। বিদায়ী শীতের আমেজ ফের অনুভূত হবে কলকাতা সহ বিস্তীর্ণ এলাকায়। যদিও আপাতত ঘন কুয়াশার কোনও সতর্কতা নেই। তবে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে বেশ কিছু জেলায়।

দক্ষিণবঙ্গে আগামী দু’দিন পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় কুয়াশার সম্ভাবনা তুলনামূলক বেশি থাকবে। কলকাতা সহ অন্যান্য জেলাতেও ভোরের দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে। উইকেন্ডে শীতের আমেজ আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে।

রবিবার পর্যন্ত কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। পশ্চিমের জেলাগুলিতে পারদ নেমে যেতে পারে ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

উত্তরবঙ্গেও আগামী কয়েক দিন আবহাওয়ার খুব একটা পরিবর্তন নেই। সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দার্জিলিং পার্বত্য এলাকায় রবিবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। কালিম্পং সহ উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। মালদহ ও সংলগ্ন দক্ষিণের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *