আজ শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভ্যাপসা গরমে নাজেহাল পরিস্থিতি। হাওড়া, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, উত্তর ২৪ পরগনা ও হুগলিতে সকাল থেকেই অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করছে। আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূতি আরও তীব্র।
আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় আগামী ২৪ ঘণ্টা আংশিক মেঘলা আকাশ থাকবে। দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টি খুব বেশি স্বস্তি দেবে না বলেই ইঙ্গিত। শহরে আজ সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। ইতিমধ্যেই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি রয়েছে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৬ শতাংশ পর্যন্ত উঠতে পারে, ফলে ভ্যাপসা গরম আরও বাড়বে।
দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূম জেলায় বিকেলের দিকে এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা বিক্ষিপ্ত হওয়ায় স্বস্তির সম্ভাবনা কম।
তবে রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, ফলে গরম থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গে তাপমাত্রা তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় আজ হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে অন্যান্য জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। আগামী ৯ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।









