ছবি: রাজীব বসু
ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতেই আপাতত স্বাভাবিকের উপরে রয়েছে পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিনে পশ্চিমবঙ্গের কোথাও তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে ভোর ও সকালের দিকে একাধিক জেলায় কুয়াশার প্রভাব থাকবে।
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তা সামান্য বেড়ে দাঁড়িয়েছে ১৫.৬ ডিগ্রিতে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ১ ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি বেশি। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী এক সপ্তাহে কলকাতা ও দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। একই ছবি থাকবে উত্তরবঙ্গেও।
তবে তাপমাত্রা স্থিতিশীল থাকলেও কুয়াশা কিছুটা ভোগাতে পারে। দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দৃশ্যমানতা নেমে যেতে পারে ৯৯৯ থেকে ২০০ মিটার পর্যন্ত।
অন্যদিকে, উত্তরবঙ্গে আগামী চার দিন কুয়াশার দাপট বজায় থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এই সব এলাকায় দৃশ্যমানতা কমে ১৯৯ থেকে ৫০ মিটারের মধ্যে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া দফতরের পরামর্শ, ভোরের দিকে যাঁরা রাস্তায় বেরোবেন বা যানবাহন চালাবেন, তাঁদের বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।










