শীতের আমেজে ধাক্কা। হাওয়া অফিসার পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।
নভেম্বরের মাঝামাঝি সময়ে রাজ্যের শহর থেকে গ্রাম—সব জায়গাতেই তাপমাত্রা দ্রুত নামতে শুরু করেছিল। আবহাওয়ার সেই পরিবর্তনে শীতের আমেজ তৈরি হয়েছিল পুরো রাজ্য জুড়ে। কিন্তু হঠাৎই বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ সেই শীতের দাপটে ব্রেক কষে দিয়েছে। রাতের তাপমাত্রা বাড়তে শুরু করায় শীতের অনুভূতি যেমন কমেছে, তেমনই দফায় দফায় বদলাচ্ছে আবহাওয়ার মেজাজ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হতে চলা নতুন নিম্নচাপের প্রভাবে রাজ্যজুড়ে বাড়বে রাতের তাপমাত্রা। উত্তর থেকে দক্ষিণ—সব অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে দফতর। আগামী তিন দিনে উত্তর ও দক্ষিণবঙ্গের তাপমাত্রা এক লাফে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
এর পরের কয়েক দিনেও তাপমাত্রায় তেমন কোনও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর। তবে শুক্র ও শনিবার উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিঙেই বৃষ্টির সম্ভাবনা বেশি বলে জানিয়েছে আবহাওয়া দফতর।










