ছবি: রাজীব বসু
আগামী পাঁচ থেকে সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। রাত এবং ভোরের দিকে শীতের অনুভূতি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়বে। কোথাও কোথাও সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে, তবে আপাতত রাজ্যের কোনও জেলাতেই ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়নি।
আবহাওয়া দফতরের মতে, অন্তত আগামী এক সপ্তাহ তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করবে। খুব বেশি বাড়ার সম্ভাবনা যেমন নেই, তেমনই বড়সড় পতনেরও ইঙ্গিত নেই।
উত্তর ভারতের পার্বত্য এলাকায় এখনও পর্যন্ত উল্লেখযোগ্য তুষারপাত না হওয়ায় শীতের প্রভাব পুরোপুরি নামছে না। যদি ডিসেম্বরের শেষের দিকে পাহাড়ে জোরদার তুষারপাত হয়, তবে জানুয়ারির শুরুতে কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রির কাছাকাছি নামতে পারে। তার আগে তাপমাত্রা ১২ ডিগ্রিতে নামার সম্ভাবনা খুবই কম।
আবহাওয়াবিদদের মতে, চলতি শীত মরসুমে এক ধরনের স্থিতাবস্থা লক্ষ্য করা যাচ্ছে। ফলে তাপমাত্রা হঠাৎ করে অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়ার সম্ভাবনাও নেই।










