ভোটের আগে বড় রাজনৈতিক জল্পনার সৃষ্টি করে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস পদত্যাগ করলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে গিয়ে তিনি তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। রাষ্ট্রপতির কাছে ইতিমধ্যেই সেই পদত্যাগপত্র পাঠানো হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে।
২০২২ সালের ১৭ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। পদত্যাগের কথা স্বীকার করে সি ভি আনন্দ বোস সংবাদমাধ্যমকে জানান, “হ্যাঁ, আমি পদত্যাগ করেছি। আমি সাড়ে তিন বছর ধরে বাংলার রাজ্যপাল ছিলাম। যথেষ্ট সময় থেকেছি।”
তবে বিধানসভা নির্বাচনের ঠিক আগে তাঁর এই আকস্মিক পদত্যাগ ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। কেন তিনি হঠাৎ এই সিদ্ধান্ত নিলেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি বোস। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, কেন্দ্রীয় সরকারের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে বিভিন্ন রাজ্যে রাজ্যপালের ভূমিকা নিয়ে একাধিকবার রাজ্য সরকার ও কেন্দ্রের মধ্যে টানাপোড়েনের ঘটনা সামনে এসেছে।
এদিকে বোসের পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন রাজ্যপাল হিসেবে কে দায়িত্ব নেবেন, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, আপাতত দায়িত্ব দেওয়া হতে পারে আর এন রবিকে, যিনি বর্তমানে তামিলনাড়ুর রাজ্যপাল। তামিলনাড়ুর ডিএমকে সরকারের সঙ্গে তাঁর সংঘাত একাধিকবার জাতীয় রাজনীতিতে শিরোনাম হয়েছে। যদিও শেষ পর্যন্ত তাঁকেই দায়িত্ব দেওয়া হবে, না কি অন্য কোনও নাম বিবেচনা করবে কেন্দ্র— তা এখনও স্পষ্ট নয়।









