Home / খবর / রাজ্য / গীতাপাঠের দিন ব্রিগেডে প্যাটিস বিক্রেতাদের মারধর, তিন অভিযুক্ত গ্রেফতার

গীতাপাঠের দিন ব্রিগেডে প্যাটিস বিক্রেতাদের মারধর, তিন অভিযুক্ত গ্রেফতার

গীতাপাঠের দিন ব্রিগেডে প্যাটিস বিক্রি ঘিরে মারধর, হেনস্থা ও ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে ময়দান থানার পুলিশ। ধৃতরা হলেন সৌমিক গোলদার, স্বর্ণেন্দু চক্রবর্তী এবং তরুণ ভট্টাচার্য। সৌমিকের বাড়ি উত্তর ২৪ পরগনার গোবরডাঙায়, স্বর্ণেন্দু থাকেন অশোকনগরে এবং তরুণ হুগলির উত্তরপাড়া এলাকার বাসিন্দা।

গত রবিবার ব্রিগেডে গীতাপাঠের আয়োজন চলাকালীন ময়দান চত্বরে দুই প্যাটিস বিক্রেতাকে মারধরের ঘটনা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিয়ো ও ছবির ভিত্তিতেই অভিযুক্তদের চিহ্নিত করেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, অভিযোগ দায়েরের দু’দিনের মধ্যেই তিন জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

ঘটনায় আহত প্যাটিস বিক্রেতা রিয়াজুল, হুগলির আরামবাগের বাসিন্দা, অভিযোগ করেন—দুপুর ১টা নাগাদ তাঁকে চড়-ঘুষি মারা হয়, তাঁর ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয় এবং প্রায় ৩০০০ টাকার খাবার নষ্ট করে দেওয়া হয়। আহত অবস্থায় তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করান। সালাউদ্দিন নামে অপর বিক্রেতাও একই ধরনের অভিযোগ করে জানান যে তাঁকে থাপ্পড় মারা হয়েছে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে।

এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ১৮৯ (২), ১২৬ (২), ১১৫ (২), ২৯৯, ৩৫১ (৩), ৩২৩ (২) ধারায় মামলা রুজু হয়েছে। আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ও থানায় গিয়ে অভিযোগ জানান এবং দাবি করেন, সুপ্রিম কোর্ট যাকে গণপিটুনি বলে অভিহিত করেছে, ব্রিগেডে সেই ঘটনাই ঘটেছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *