এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেফতার হলেন মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সোমবার সকালে তাঁর আন্দির গ্রামের বাড়ি থেকে ইডি তাঁকে গ্রেফতার করে। অভিযোগ, তদন্তকারীদের দেখে তিনি পালানোর চেষ্টা করেছিলেন। এমনকি নিজের মোবাইল ফোন বাড়ির পিছনের ঝোপে ফেলে দেন বলেও জানা গিয়েছে। তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
ইডি সূত্রে খবর, সোমবার সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি শুরু হয়। জীবনকৃষ্ণের শ্বশুরবাড়ি, রঘুনাথগঞ্জ এবং আন্দি মহীষ গ্রামের এক ব্যাংক কর্মীর বাড়িতে হানা দেয় ইডি। পাশাপাশি বীরভূমের সাঁইথিয়ার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও জীবনকৃষ্ণের পিসি মায়া সাহার বাড়িতেও তল্লাশি চলে।
এর আগে ২০২৩ সালের এপ্রিলে জীবনকৃষ্ণকে গ্রেপ্তার করেছিল সিবিআই। সে সময়ও তিনি মোবাইল ফোন পুকুরে ফেলে দিয়েছিলেন বলে অভিযোগ। প্রায় ১৩ মাস জেলে ছিলেন তিনি। পরে সুপ্রিম কোর্ট থেকে জামিন পান এবং বিধানসভায়ও যোগ দেন। আদালতের নির্দেশে তদন্তে সহযোগিতা করার কথা থাকলেও, ইডির দাবি সোমবার ফের তিনি অসহযোগিতা করেছেন।
অন্যদিকে পুরুলিয়ায় প্রসন্ন রায়ের শ্বশুরবাড়িতেও তল্লাশি চালায় ইডি। প্রসন্ন বর্তমানে জেলে রয়েছেন। অভিযোগ, এসএসসি নিয়োগ দুর্নীতির ‘মিডলম্যান’ হিসাবে কাজ করতেন তিনি। তাঁর শ্বশুরবাড়ির সদস্যদের নিয়োগ নিয়েও অভিযোগ ওঠায় এই অভিযান বলে ধারণা ওয়াকিবহাল মহলের।










