ভোটের সময় কেউ হুমকি দিচ্ছে বা ভয় দেখাচ্ছে? এ বার সেই অভিযোগ সরাসরি নির্বাচন কমিশনের কাছে জানাতে পারবেন ভোটারেরা। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পশ্চিমবঙ্গের জন্য পৃথক টোল ফ্রি নম্বর ও ইমেল আইডি চালু করল কমিশন।
কমিশন জানিয়েছে, আইনশৃঙ্খলা সংক্রান্ত যে কোনও সমস্যা—হুমকি, ভয় দেখানো, মারধর বা অশান্তির অভিযোগ—এই নতুন ব্যবস্থার মাধ্যমে সরাসরি জানাতে পারবেন ভোটারেরা। ইতিমধ্যেই কমিশনের সাধারণ টোল ফ্রি নম্বর ১৯৫০ থাকলেও, আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে রাজ্যের জন্য আলাদা নম্বর চালু করা হয়েছে। ১৮০০৩৪৫০০০৮ নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে। পাশাপাশি wbfreeandfairpolls@gmail.com ইমেল আইডিতেও অভিযোগ পাঠানো যাবে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ অগ্রবাল জানিয়েছেন, নির্বাচন যত এগিয়ে আসছে, ততই আইনশৃঙ্খলা সংক্রান্ত অভিযোগ বাড়ছে। সেই কারণেই এই পৃথক ব্যবস্থা চালু করা হয়েছে। তিনি বলেন, “যে কোনও সময় অভিযোগ জানাতে পারবেন ভোটারেরা। অভিযোগ পেলেই তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সময় থেকেই কমিশন স্পষ্ট করেছে, শান্তিপূর্ণ ও অবাধ ভোট করানোই তাদের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং রুটমার্চের মাধ্যমে ভোটারদের মধ্যে নিরাপত্তার বার্তা দেওয়া হচ্ছে। কমিশনের কড়া বার্তা, কোনও ধরনের অশান্তি বরদাস্ত করা হবে না—অভিযোগ উঠলেই দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।










