শুক্রবার সকালেই জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা। সকাল ১০টা ৮ মিনিটে অনুভূত হওয়া এই কম্পন পুরো রাজ্যেই স্পষ্টভাবে টের পাওয়া গিয়েছে। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫। কম্পনের কেন্দ্রস্থল বাংলাদেশের নরসিংদী থেকে ১৪ কিলোমিটার পশ্চিম–দক্ষিণ-পশ্চিমে, ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।
কলকাতা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ–সহ একাধিক জেলায় কম্পন অনুভূত হয়। ঘরের পাখা, ঝাড়বাতি, ফটোফ্রেম দুলতে দেখা যায়। অনেকেই আতঙ্কে বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন। যদিও রাজ্যের কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাংলাদেশে কম্পন আরও অনুভূত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। ঢাকা, বরিশাল–সহ বিভিন্ন এলাকায় মানুষ রাস্তায় নেমে আসেন। বাংলাদেশের সময় অনুযায়ী ভূমিকম্প হয়েছে সকাল ১০টা ৩৮ মিনিটে।
সাধারণত ভূমিকম্পপ্রবণ নয় কলকাতা। বাংলাদেশে কম্পন হলে মাঝে মাঝে সামান্য কেঁপে ওঠে শহর। তবে এ দিনের কম্পন ছিল তুলনামূলক জোরালো। ভূমিকম্পের উৎসস্থল অগভীর হওয়ায় পশ্চিমবঙ্গ জুড়ে স্পষ্টভাবে কম্পন অনুভূত হয়েছে বলে বিশেষজ্ঞদের মত।
ঘটনার পর সমাজমাধ্যমে বহু মানুষ সিলিং ফ্যান ও ঝাড়বাতি দুলতে থাকা ভিডিও পোস্ট করেছেন। অনেকেই জানিয়েছেন, শীতের কারণে ফ্যান বন্ধ থাকায় কম্পন আরও স্পষ্টভাবে বোঝা গিয়েছে।










