ভোটের মুখে রাজ্যে ফের রাস্তায় নামলেন চাকরিপ্রার্থীরা। ২০১৪ ও ২০১৭ সালের টেট উত্তীর্ণ (এনআইওএস ডি.এল.এড) প্রার্থীরা নিয়োগের দাবিতে সোমবার বিকাশ ভবন অভিযানের ডাক দেন। তবে মিছিল করুণাময়ীতে পৌঁছতেই পুলিশ তা আটকে দেয় বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলেও দাবি আন্দোলনকারীদের।
চাকরিপ্রার্থীদের অভিযোগ, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে তাঁদের নিয়োগ করা হচ্ছে না। একাধিকবার দাবি জানানো হলেও কোনও পদক্ষেপ করা হয়নি। এই প্রেক্ষিতেই পর্ষদ সভাপতি গৌতম পালের পদত্যাগের দাবিতে বিকাশ ভবন অভিযানের কর্মসূচি নেওয়া হয়।
এদিন সকাল থেকেই করুণাময়ী চত্বরে কড়া নিরাপত্তা ছিল। প্রাথমিক শিক্ষা পর্ষদ ও বিকাশ ভবনের সামনে ব্যারিকেড করে ঘিরে রাখে পুলিশ। বিধাননগর কমিশনারেটের তরফে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়। মিছিল এগোতেই পুলিশ তা আটকে দিলে শুরু হয় বচসা ও ধস্তাধস্তি। এরপরই রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন চাকরিপ্রার্থীরা। থালা বাজিয়ে প্রতিবাদ জানান তাঁরা। তাঁদের সাফ দাবি, বিকাশ ভবনে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে দেখা করার সুযোগ দিতে হবে।
অন্যদিকে, এই বিক্ষোভকে কেন্দ্র করে করুণাময়ী এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ ধরে যান চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হয়।










