Home / খবর / রাজ্য / ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিক খুনে বেলডাঙায় উত্তেজনা, সংখ্যালঘুদের ক্ষোভ ‘স্বাভাবিক’ বললেন মুখ্যমন্ত্রী

ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিক খুনে বেলডাঙায় উত্তেজনা, সংখ্যালঘুদের ক্ষোভ ‘স্বাভাবিক’ বললেন মুখ্যমন্ত্রী

ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিক খুনের ঘটনায় জ্বলছে মুর্শিদাবাদের বেলডাঙা। শুক্রবার সকাল থেকেই বিক্ষোভ ও ট্রেন অবরোধে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ সফরে যাওয়ার পথে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলডাঙার ঘটনায় বিক্ষোভকারী সংখ্যালঘুদের ক্ষোভকে ‘স্বাভাবিক ও বৈধ’ বলেই দাবি করেন তিনি।

মমতা বলেন, শুক্রবার জুম্মাবার হওয়ায় বিষয়টি সংখ্যালঘুদের কাছে অত্যন্ত সংবেদনশীল। সেই আবহে যদি রাজনৈতিক স্বার্থে কেউ উসকানি দেয়, তাহলে ক্ষোভ তৈরি হওয়াটাই স্বাভাবিক। তিনি বলেন, “সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক। আমিও এই ঘটনার জন্য ক্ষুব্ধ।”

ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর হেনস্তা ও হত্যার ঘটনায় ফের বিজেপিকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যগুলিতেই এই ধরনের ঘটনা বেশি ঘটছে। পাশাপাশি বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) তালিকায় বেছে বেছে নাম বাদ দেওয়ার অভিযোগও তোলেন তিনি। মমতার দাবি, মতুয়া, রাজবংশী ও আদিবাসীদের নাম উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বাদ দেওয়া হচ্ছে। এর পিছনে দাঙ্গা লাগানোর চক্রান্ত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং মামলা দায়ের করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্যও করা হয়েছে। শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যাঁদের নাম বাদ গেছে, তাঁরা যেন ফর্ম জমা দেন এবং আইনি প্রক্রিয়ায় ভরসা রাখেন।

শেষে সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে মমতার আবেদন, “শান্ত থাকুন। কোনও প্ররোচনায় পা দেবেন না। আমরা সবসময় আপনাদের পাশে আছি।”

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *